লক্ষ্মীপুরে ভোটের অবৈধ ছয় সিলসহ ব্যবসায়ী আটক

স্টাফ রিপোর্টার
লক্ষ্মীপুর শহরের মারইয়াম প্রিন্টাসে অভিযান চালিয়ে ভোটে ব্যবহারের অবৈধ ছয়টি সিল ও একটি কম্পিউটার জব্দ করে প্রশাসন। ছবি: দৈনিক নতুনচাঁদ
লক্ষ্মীপুর শহরের মারইয়াম প্রিন্টাসে অভিযান চালিয়ে ভোটে ব্যবহারের অবৈধ ছয়টি সিল ও একটি কম্পিউটার জব্দ করে প্রশাসন। ছবি: দৈনিক নতুনচাঁদ

লক্ষ্মীপুরে ভোটে ব্যবহারের অবৈধ ছয়টি সিলসহ এক কম্পিউটার দোকানির বিরুদ্ধে অভিযান চালিয়ে তাকে আটক করেছে পুলিশ। এ সময় একটি কম্পিউটার ও একটি মুঠোফোন জব্দ করা হয়। মঙ্গলবার বিকেলে শহরের পুরাতন আদালত রোডের জুবলি দিঘির পাড় এলাকায় অবস্থিত মারইয়াম প্রেস বা মারিয়াম প্রিন্টাস নামের একটি কম্পিউটারের দোকান থেকে সোহেল রানা (৪০) নামের ওই ব্যবসায়ীকে আটক করা হয়। তিনি সদর উপজেলার টুমচর ইউনিয়নের বাসিন্দা।

পুলিশ ও প্রশাসন সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার বিকেলে সদর থানার পুলিশ ও নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে দোকানটিতে অভিযান চালানো হয়। অভিযানের সময় ভোটে ব্যবহারের জন্য অবৈধভাবে প্রস্তুত করা ছয়টি সিল উদ্ধার করা হয়। খবর পেয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসান মাহমুদ নাহিদ ঘটনাস্থলে উপস্থিত হয়ে উদ্ধারকৃত সিলগুলো, একটি কম্পিউটার ও একটি মুঠোফোন জব্দ করেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসান মাহমুদ নাহিদ বলেন, উদ্ধার করা সিলগুলো তৈরির জন্য কোনো ধরনের বৈধ অনুমতি ছিল না। নির্বাচন সংক্রান্ত গুরুত্বপূর্ণ সামগ্রী অবৈধভাবে প্রস্তুত করা সম্পূর্ণ বেআইনি এবং এটি নির্বাচনী প্রক্রিয়াকে প্রভাবিত করার গুরুতর অপরাধ। এ ঘটনায় সংশ্লিষ্ট আইনে নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি নেওয়া হচ্ছে।

লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াহেদ পারভেজ জানান, ভোটের সিল তৈরি করা আইনত দণ্ডনীয় অপরাধ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক সোহেল রানা স্বীকার করেছেন যে, অর্ডার পেয়ে তিনি সিলগুলো তৈরি করেছেন। তবে কে বা কারা এসব সিল তৈরির অর্ডার দিয়েছে, সে বিষয়ে তিনি কোনো তথ্য দিতে পারেননি। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।

প্রশাসন সূত্র আরও জানায়, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে যেকোনো ধরনের অনিয়ম ও কারচুপির বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়া হয়েছে। নির্বাচনের স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়। পরে পুলিশ আটক সোহেল রানাকে গ্রেপ্তার দেখিয়ে লক্ষ্মীপুর সদর থানায় হস্তান্তর করে।

সম্পর্কিত