লক্ষ্মীপুরে ভোটকেন্দ্রে সিসি ক্যামেরা চুরি

স্টাফ রিপোর্টার
দক্ষিণ ছিলাদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভোটকেন্দ্র, যেখানে দুইটি সিসি ক্যামেরা চুরি হয়েছে। ছবি: দৈনিক নতুনচাঁদ
দক্ষিণ ছিলাদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভোটকেন্দ্র, যেখানে দুইটি সিসি ক্যামেরা চুরি হয়েছে। ছবি: দৈনিক নতুনচাঁদ

নির্বাচনকে সামনে রেখে লক্ষ্মীপুরের একটি ভোটকেন্দ্রে সিসি ক্যামেরা চুরি হওয়ায় নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠেছে। সদর উপজেলার কুশাখালি ইউনিয়নের দক্ষিণ ছিলাদী সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে এ ঘটনা ঘটেছে। কেন্দ্র থেকে মোট তিনটি সিসি ক্যামেরার মধ্যে দুইটি চুরি হয়েছে।

বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোসাম্মদ মমতাজ বেগম জানান, বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) নিয়ম অনুযায়ী স্কুল বন্ধ করে শিক্ষকরা চলে যান। এরপর টানা তিনদিন স্কুল বন্ধ থাকার পর সোমবার (২ ফেব্রুয়ারি) সকালেই শিক্ষকরা দেখতে পান নিচতলায় স্থাপিত তিনটি সিসি ক্যামেরার মধ্যে দুটি দুর্বৃত্তরা খুলে নিয়ে গেছে। বিষয়টি জানিয়ে বিদ্যালয় কর্তৃপক্ষ বুধবার (৪ ফেব্রুয়ারি) থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

প্রতিক্রিয়া জানিয়ে জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট মহসিন কবির মুরাদ বলেন, “এটি সুস্থ ও সুষ্ঠু নির্বাচনের পথে বড় ধরনের বাধা। নির্বাচন যেন সুষ্ঠু না হয়, সে জন্য গভীর ষড়যন্ত্রের অংশ হিসেবেই এই কাজ করা হয়েছে। আমরা সুষ্ঠু তদন্তের মাধ্যমে অপরাধীদের আইনের আওতায় আনার দাবি জানাই।”

লক্ষ্মীপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট হাসিবুর রহমান বলেন, “যারা নির্বাচনে কারচুপি করতে চায় অথবা ভোটকেন্দ্রে গোলযোগ সৃষ্টি করতে চায়, এটি তাদের নাশকতামূলক কর্মকাণ্ডের অংশ হতে পারে। সিসি ক্যামেরা অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ ভোটের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। যারা এটি সরিয়েছে, তাদের অসৎ উদ্দেশ্য রয়েছে।”

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার ক্যাথোয়াইপ্রু মারমা জানান, বিষয়টি তার জানা আছে এবং থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। তিনি বলেন, প্রশাসন পরিস্থিতি মনিটর করছে এবং দ্রুত তদন্তের মাধ্যমে চুরি হওয়া ক্যামেরার বিষয়টি খতিয়ে দেখা হবে।

সম্পর্কিত