লক্ষ্মীপুর শহরের বিভিন্ন এলাকায় পাইপলাইনের গ্যাস লিকেজের ঘটনা যেন দিন দিন উদ্বেগজনক রূপ নিচ্ছে। কখনো রাস্তার ফাটল দিয়ে, আবার কখনো মাটির নিচ থেকে বের হওয়া গ্যাসে আগুন জ্বলতে দেখা যাচ্ছে। এমন পুনরাবৃত্ত ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েছেন নগরবাসী। তাদের আশঙ্কা, দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণ না করলে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।
শনিবার (২০ জুন) শহরের বাগবাড়ি এলাকার করিম টাওয়ারের সামনে সড়কের একটি অংশে গ্যাস লিকেজ থেকে আগুন জ্বলতে দেখা যায়। স্থানীয়দের ভাষ্যমতে, রাস্তার ফাটল দিয়ে গ্যাস বের হয়ে আগুন জ্বলছিল। বিষয়টি দ্রুত এলাকায় ছড়িয়ে পড়লে উৎসুক মানুষ ঘটনাস্থলে ভিড় করেন এবং আশপাশের বাসিন্দাদের মধ্যে উদ্বেগ ছড়িয়ে পড়ে।
স্থানীয় বাসিন্দারা জানান, এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। এর আগেও শহরের বিভিন্ন এলাকায় একই ধরনের গ্যাস লিকেজের ঘটনা ঘটেছে। অনেক ক্ষেত্রে রাস্তার নিচ থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলতে দেখা গেলেও সমস্যার স্থায়ী সমাধানে কার্যকর উদ্যোগ চোখে পড়েনি। ফলে প্রতিনিয়ত আতঙ্কের মধ্যে বসবাস করতে হচ্ছে শহরবাসীকে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, লক্ষ্মীপুর শহরের অধিকাংশ গ্যাস লাইন বহু বছর আগে স্থাপন করা হয়েছিল। দীর্ঘদিন ব্যবহারের ফলে অনেক স্থানে পাইপলাইন ক্ষয়প্রাপ্ত ও দুর্বল হয়ে পড়েছে। এছাড়া সড়ক সম্প্রসারণ, খোঁড়াখুঁড়ি এবং বিভিন্ন উন্নয়ন প্রকল্পের কাজের সময় গ্যাস লাইনের ক্ষতি হওয়ার ঝুঁকিও বেড়েছে।
নগরবাসীর অভিযোগ, বারবার গ্যাস লিকেজের ঘটনা ঘটলেও ঝুঁকিপূর্ণ ও পুরোনো পাইপলাইন শনাক্ত করে প্রতিস্থাপনের দৃশ্যমান উদ্যোগ নেওয়া হচ্ছে না। এতে অগ্নিকাণ্ড বা বিস্ফোরণের মতো ভয়াবহ দুর্ঘটনার আশঙ্কা বাড়ছে।
সচেতন মহলের মতে, গ্যাস লিকেজ অত্যন্ত ঝুঁকিপূর্ণ একটি বিষয়। মাটির নিচে জমে থাকা গ্যাস যেকোনো সময় আগুন বা বৈদ্যুতিক স্ফুলিঙ্গের সংস্পর্শে এসে বড় ধরনের বিস্ফোরণ ও অগ্নিকাণ্ড ঘটাতে পারে। তাই দ্রুত কারিগরি পরীক্ষা-নিরীক্ষা চালিয়ে ঝুঁকিপূর্ণ লাইন সংস্কার এবং প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা জরুরি।
এ বিষয়ে বাকাবাদ গ্যাস কোম্পানির লক্ষ্মীপুর অফিসের কর্মকর্তারা জানান, বেগমগঞ্জ-লক্ষ্মীপুর মহাসড়ক চার লেনে উন্নীতকরণের কাজ চলমান রয়েছে। পাশাপাশি বিভিন্ন সংস্থার রাস্তা খনন কার্যক্রমের সময় অনেক ক্ষেত্রে গ্যাস লাইন ক্ষতিগ্রস্ত হয়ে লিকেজের ঘটনা ঘটে। এ ধরনের ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়।
তারা আরও জানান, গ্যাস লিকেজের কারণে শুধু গ্যাস সরবরাহ বিঘ্নিত হয় না, বরং অগ্নিকাণ্ড ও বিস্ফোরণের মতো ভয়াবহ দুর্ঘটনার ঝুঁকিও তৈরি হয়। তাই সাধারণ মানুষকে গ্যাস লিকেজের ঘটনা দেখামাত্র সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও ফায়ার সার্ভিসকে দ্রুত অবহিত করার আহ্বান জানানো হয়েছে।
কর্তৃপক্ষ সতর্ক করে জানায়, অনেক সময় কৌতূহলবশত কেউ কেউ গ্যাস লিকেজ আছে কি না তা পরীক্ষা করতে দেশলাই বা আগুন ব্যবহার করেন, যা অত্যন্ত বিপজ্জনক। এ ধরনের কর্মকাণ্ড বড় ধরনের দুর্ঘটনার কারণ হতে পারে। তাই সবাইকে সচেতন থাকার আহ্বান জানানো হয়েছে।