“দেশের চাবি আপনার হাতে”—এই স্লোগানকে সামনে রেখে গণভোট ও আসন্ন জাতীয় সংসদ নির্বাচন বিষয়ে ভোটারদের সচেতন করতে সারাদেশে ঘুরছে ‘ভোটের গাড়ি’। এই কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার (৬ জানুয়ারি) লক্ষ্মীপুর জেলার উত্তর স্টেশন এলাকায় আসে সচেতনতামূলক ভোটের গাড়িটি।
জানা গেছে, মঙ্গলবার বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এক ঘণ্টাব্যাপী এ কর্মসূচি পরিচালিত হয়। গাড়ির সামনে মাইকিং ও প্রচারমূলক বক্তব্যের মাধ্যমে ভোটাধিকার প্রয়োগ, গণভোটের গুরুত্ব এবং নির্বাচন সংক্রান্ত মৌলিক তথ্য তুলে ধরা হয়।
ভোটের গাড়ির সামনে উপস্থিত কয়েকজন নাগরিক জানান, তারা এখানে এসে প্রথমবারের মতো গণভোট ও ভোটাধিকার প্রয়োগের বিভিন্ন দিক সম্পর্কে জানতে পেরেছেন। তাদের মতে, এ ধরনের উদ্যোগ সাধারণ মানুষের মধ্যে নির্বাচন নিয়ে আগ্রহ বাড়াতে সহায়ক হতে পারে।
কার্যক্রম চলাকালীন সময়ে অনেক সাধারণ মানুষই বিষয়টি সম্পর্কে আগে থেকে জানতেন না বলে জানিয়েছেন।
তবে স্থানীয়দের একটি অংশ অভিযোগ করে বলেন, একটি জাতীয় নির্বাচন ও গণভোটের মতো গুরুত্বপূর্ণ ইস্যু সামনে রেখে মাত্র এক ঘণ্টার সীমিত সময়ের কর্মসূচি জেলার অধিকাংশ মানুষের কাছে পৌঁছাতে পারেনি। বিশেষ করে জেলা শহরের বড় অংশের ভোটার এই সচেতনতামূলক কার্যক্রম সম্পর্কে অবগতই ছিলেন না।
সচেতন মহলের মতে, গণতন্ত্রকে শক্তিশালী করতে ভোটার সচেতনতা বাড়ানো অত্যন্ত জরুরি। তবে সে লক্ষ্য অর্জনে এমন কর্মসূচি আরও বিস্তৃত পরিসরে, অন্তর্ভুক্তিমূলকভাবে এবং পর্যাপ্ত সময় নিয়ে আয়োজন করা প্রয়োজন। তাহলেই প্রকৃত অর্থে সাধারণ মানুষের মধ্যে গণভোট ও নির্বাচনের গুরুত্ব পৌঁছে দেওয়া সম্ভব হবে।
এদিকে, সংশ্লিষ্টরা আশা প্রকাশ করছেন, ভবিষ্যতে এ ধরনের কর্মসূচি জেলার অন্যান্য গুরুত্বপূর্ণ স্থানেও আয়োজন করা হলে ভোটারদের অংশগ্রহণ ও সচেতনতা আরও বাড়বে।