স্পেনে দ্রুতগতির ট্রেন সংঘর্ষে নিহত ২১, আহত শতাধিক

আন্তর্জাতিক ডেস্ক
 ছবি: এএফপি
ছবি: এএফপি

স্পেনে দ্রুতগতির দুটি ট্রেনের ভয়াবহ সংঘর্ষে অন্তত ২১ জন নিহত এবং ৭০ জনের বেশি আহত হয়েছেন। দক্ষিণ স্পেনে স্থানীয় সময় রোববার এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে দেশটির জরুরি সেবা বিভাগ।

স্পেনের রেল কর্তৃপক্ষ অ্যাডিফ জানায়, মালাগা থেকে মাদ্রিদগামী একটি উচ্চগতির ট্রেন আদামুজ শহরের কাছে হঠাৎ লাইনচ্যুত হয়। নিয়ন্ত্রণ হারিয়ে সেটি বিপরীত লাইনে ঢুকে উল্টো দিক থেকে আসা আরেকটি দ্রুতগতির ট্রেনকে সজোরে ধাক্কা দেয়। সংঘর্ষের ফলে দ্বিতীয় ট্রেনটিও লাইনচ্যুত হয়ে যায়।

পুলিশের এক মুখপাত্র প্রথমে পাঁচজন নিহত হওয়ার তথ্য দিলেও পরে নিহতের সংখ্যা বেড়ে ২১ জনে দাঁড়ায়। আন্দালুসিয়ার জরুরি সেবা বিভাগের প্রধান আন্তোনিও সানজ জানান, দুর্ঘটনায় অন্তত ৭৩ জন আহত হয়েছেন। তবে স্থানীয় সংবাদমাধ্যমগুলো বলছে, অনেক যাত্রী এখনো ট্রেনের বগিতে আটকা থাকায় আহতের সংখ্যা ১০০ ছাড়াতে পারে।

কর্ডোবা অঞ্চলের ফায়ার সার্ভিসের প্রধান ফ্রান্সিসকো কারমোনা রাষ্ট্রায়ত্ত সম্প্রচারমাধ্যম আরটিভিইকে বলেন, দুর্ঘটনার পর ট্রেনের বগিগুলো মারাত্মকভাবে দুমড়ে-মুচড়ে গেছে। ধাতব কাঠামো বিকৃত হয়ে যাওয়ায় আটকা পড়া যাত্রীদের উদ্ধার করতে গিয়ে উদ্ধারকর্মীদের চরম ঝুঁকির মুখে পড়তে হচ্ছে। কোনো কোনো ক্ষেত্রে আহতদের বের করতে মৃতদেহ সরাতে হচ্ছে বলে জানান তিনি।

প্রত্যক্ষদর্শীরা জানান, প্রথম ট্রেনের একটি বগি পুরোপুরি উল্টে যায়। টেলিভিশনের ফুটেজে ঘটনাস্থলে চিকিৎসক, ফায়ার সার্ভিস ও উদ্ধারকর্মীদের ব্যস্ততার দৃশ্য দেখা গেছে।

রাষ্ট্রায়ত্ত সম্প্রচারমাধ্যম আরএনই’র এক সাংবাদিক দুর্ঘটনাকবলিত ট্রেনগুলোর একটিতে ছিলেন। তিনি বলেন, সংঘর্ষের মুহূর্তটি তাঁর কাছে ‘ভূমিকম্পের মতো’ অনুভূত হয়েছে। আতঙ্কিত যাত্রীরা জরুরি হাতুড়ি দিয়ে জানালা ভেঙে বের হওয়ার চেষ্টা করেন।

দুর্ঘটনায় আহত যাত্রী লুকাস মেরিয়াকো লা সেক্সটা টেলিভিশনকে বলেন, পুরো ঘটনাটি তাঁর কাছে ‘হরর মুভির মতো’ মনে হয়েছে। পেছন দিক থেকে প্রচণ্ড ধাক্কা লাগার পর মনে হয়েছিল পুরো ট্রেন ভেঙে পড়ছে। কাচ ভেঙে পড়ায় অনেক যাত্রী আহত হন।

স্পেনের সংবাদমাধ্যমগুলোর তথ্য অনুযায়ী, দুই ট্রেনে মিলিয়ে প্রায় ৪০০ জন যাত্রী ছিলেন। দুর্ঘটনার পর মাদ্রিদ, সেভিয়া, কর্ডোবা, মালাগা ও হুয়েলভা রুটে উচ্চগতির ট্রেন চলাচল অন্তত সোমবার পর্যন্ত বন্ধ থাকবে বলে জানিয়েছে অ্যাডিফ। যাত্রীদের পরিবার ও স্বজনদের সহায়তায় সংশ্লিষ্ট স্টেশনগুলোতে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে।

রাজ প্রাসাদ এক বার্তায় জানায়, স্পেনের রাজা ষষ্ঠ ফিলিপ ও রানি লেতিসিয়া দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন এবং নিহতদের পরিবারের প্রতি সমবেদনা ও আহতদের দ্রুত সুস্থতা কামনা করেছেন।

উল্লেখ্য, স্পেনের উচ্চগতির রেল নেটওয়ার্কের দৈর্ঘ্য প্রায় ৩ হাজার কিলোমিটার, যা ইউরোপের মধ্যে সবচেয়ে বড়। এই নেটওয়ার্কের মাধ্যমে মাদ্রিদ, বার্সেলোনা, সেভিয়া, ভ্যালেন্সিয়া ও মালাগাসহ প্রধান শহরগুলো যুক্ত।

সম্পর্কিত