ইরানের বিক্ষোভে ট্রাম্পকে কড়া বার্তা খামেনির, নিজের দেশের সমস্যায় মনোযোগ দেওয়ার আহ্বান

আন্তর্জাতিক ডেস্ক
রাষ্ট্রীয় টেলিভিশনে জাতির উদ্দেশে ভাষণ দিচ্ছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি। ছবি:
রাষ্ট্রীয় টেলিভিশনে জাতির উদ্দেশে ভাষণ দিচ্ছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি। ছবি:

ইরানজুড়ে চলমান সরকারবিরোধী বিক্ষোভের মধ্যে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে কড়া ভাষায় সতর্ক করেছেন দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি। ট্রাম্পকে উদ্দেশ করে নিজের দেশের অভ্যন্তরীণ সমস্যার দিকে নজর দেওয়ার আহ্বান জানান তিনি।

শুক্রবার (৯ জানুয়ারি) রাষ্ট্রীয় টেলিভিশনে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে সরাসরি ট্রাম্পের সমালোচনা করেন আয়াতুল্লাহ খামেনি। ইরানে বিক্ষোভ শুরুর পর এটিই ছিল তার প্রথম প্রকাশ্য বক্তব্য। ভাষণে তিনি অভিযোগ করেন, কিছু উসকানিদাতা বিদেশি শক্তিকে খুশি করতে সরকারি স্থাপনা ও সম্পদ ধ্বংস করছে।

খামেনি বলেন, “কিছু উসকানিদাতা রয়েছে, যারা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টকে খুশি করার জন্য সরকারি সম্পদ ধ্বংস করছে। কিন্তু ঐক্যবদ্ধ ইরানি জনগণ সব শত্রুকে পরাজিত করবে। ট্রাম্পের উচিত নিজের দেশের সমস্যার দিকে মনোযোগ দেওয়া।”

তিনি আরও বলেন,

শত শত মানুষের আত্মত্যাগ ও রক্তের বিনিময়ে ইরানের ইসলামী প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে। যারা এই রাষ্ট্রব্যবস্থাকে ধ্বংস করার ষড়যন্ত্র করছে, তাদের কাছে কখনো মাথানত করবে না ইরান—এমন হুঁশিয়ারিও দেন সর্বোচ্চ নেতা।

এর আগে বৃহস্পতিবার (৮ জানুয়ারি) যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেন, ইরানের নিরাপত্তা বাহিনী যদি বিক্ষোভকারীদের হত্যা করে, তাহলে যুক্তরাষ্ট্র সামরিক পদক্ষেপ নিতে পারে। ট্রাম্পের এমন বক্তব্যের পাল্টা প্রতিক্রিয়ায় খামেনির এই কঠোর অবস্থান নতুন করে উত্তেজনা বাড়িয়েছে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে।

বিশ্লেষকরা বলছেন, পাল্টাপাল্টি হুঁশিয়ারির ফলে মধ্যপ্রাচ্যে রাজনৈতিক ও সামরিক অস্থিরতার ঝুঁকি আরও বেড়েছে। বিক্ষোভের পাশাপাশি আন্তর্জাতিক চাপের মুখে ইরানের পরিস্থিতি কোন দিকে গড়ায়, তা গভীরভাবে পর্যবেক্ষণ করছেন বিশ্ব নেতারা।

এদিকে, মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস অ্যাকটিভিস্টস নিউজ এজেন্সির তথ্যমতে, চলমান সহিংসতায় এখন পর্যন্ত অন্তত ৪২ জন নিহত হয়েছেন। একই সঙ্গে ২ হাজার ২৭০ জনের বেশি মানুষকে আটক করা হয়েছে বলে জানানো হয়েছে।

সম্পর্কিত