করাচির অগ্নিকাণ্ডে ৭২ প্রাণহানির অভিযুক্ত ১১ বছরের শিশু

স্টাফ রিপোর্টার
 ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

পাকিস্তানের করাচির গুল প্লাজা শপিং সেন্টারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৭২ জনের প্রাণহানির ঘটনায় ১১ বছর বয়সী এক শিশুসহ ছয়জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করা হয়েছে।

গালফ নিউজের খবরে বলা হয়, গত শনিবার (৪ জুলাই) জেলা পাবলিক প্রসিকিউটর আবদুল রাজ্জাক গুজ্জারের মাধ্যমে তদন্তকারী কর্মকর্তা আদালতে অভিযোগপত্র জমা দেন। এতে ১১ বছর বয়সী শিশু হুজাইফা, তার বাবা নিয়ামতউল্লাহ এবং গুল প্লাজা ম্যানেজমেন্ট কমিটির চার সদস্যকে অভিযুক্ত করা হয়েছে।

গত ১৭ জানুয়ারি সংঘটিত ওই ভয়াবহ অগ্নিকাণ্ডে ৭২ জন নিহত এবং আটজন আহত হন। আগুনে বাণিজ্যিক কমপ্লেক্সটির এক হাজার ১০০টিরও বেশি দোকান পুড়ে যায়, ফলে ব্যাপক আর্থিক ক্ষয়ক্ষতি হয়।

অভিযোগপত্রে বলা হয়েছে, তদন্ত, প্রত্যক্ষদর্শীদের সাক্ষ্য এবং ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় রেকর্ড করা জবানবন্দি অনুযায়ী, হুজাইফা দোকানের ভেতরে দেশলাই কাঠি নিয়ে খেলার সময় আগুনের সূত্রপাত হয়।

১৩ বছর বয়সী প্রত্যক্ষদর্শী আরিয়ান বিচারিক ম্যাজিস্ট্রেটের কাছে দেওয়া জবানবন্দিতে বলেন, হুজাইফা দেশলাই কাঠি নিয়ে খেলার সময় হঠাৎ আগুন লেগে যায়। অপর দুই প্রত্যক্ষদর্শী মোহাম্মদ তালহা ও হামজা আমিরও একই ধরনের বক্তব্য দিয়েছেন।

তদন্তে আরও অভিযোগ করা হয়েছে, শিশুটির বাবা নিয়ামতউল্লাহ নিয়মিতভাবে তার অপ্রাপ্তবয়স্ক ছেলেকে দোকানে একা রেখে ব্যবসা পরিচালনা করতে দিতেন।

এছাড়া গুল প্লাজা ম্যানেজমেন্ট কমিটির সদস্যদের অবহেলার বিষয়টিও অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে। সেখানে বলা হয়েছে, তারা অগ্নিনিরাপত্তা বিধিমালা বাস্তবায়নে ব্যর্থ হয়েছেন এবং অপ্রাপ্তবয়স্কদের মাধ্যমে দোকান পরিচালনা বন্ধে কার্যকর ব্যবস্থা নেননি।

তদন্তে ভবনটিতে অগ্নিনির্বাপণ ব্যবস্থা অত্যন্ত দুর্বল থাকার বিষয়টি উঠে এসেছে। অভিযোগপত্রে বলা হয়, জরুরি নির্গমন পথগুলো বন্ধ বা অবরুদ্ধ ছিল, পর্যাপ্ত অগ্নিনির্বাপক যন্ত্র ও ফায়ার হাইড্রেন্ট ব্যবস্থা ছিল না এবং জরুরি ব্যাকআপ আলোরও ব্যবস্থা ছিল না। এসব কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে এবং বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে ভবনের ভেতরে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠে।

অভিযোগপত্রে আরও বলা হয়েছে, ম্যানেজমেন্ট কমিটির সদস্যরা সময়মতো ফায়ার সার্ভিস বা উদ্ধারকারী সংস্থাকে খবর দেননি। তাদের কল ডেটা রেকর্ড পর্যালোচনায় জরুরি সেবায় ফোন করার কোনো প্রমাণ পাওয়া যায়নি।

সম্পর্কিত