দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে আবু নাসের শামীম (বারা শামীম) নামে এক আওয়ামী লীগ নেতা নিহত হয়েছেন। মঙ্গলবার (২১ এপ্রিল) স্থানীয় সময় বিকেল ৫টার দিকে বারাখওয়ানাত এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত আবু নাসের শামীম নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরকাঁকড়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের মৃত আব্দুল রশিদের ছেলে। তিনি দক্ষিণ আফ্রিকা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন। তার পরিবারে স্ত্রী ও চার ছেলে রয়েছে।
স্থানীয় প্রবাসী সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকেলে ফোর্ডসবার্গ এলাকা থেকে বাজার করে নিজের ব্যবসা প্রতিষ্ঠানে পৌঁছান শামীম। এ সময় আগে থেকে ওঁৎ পেতে থাকা এক ব্যক্তি তার মাথায় পিস্তল ঠেকিয়ে পাঁচ রাউন্ড গুলি চালায়। এতে ঘটনাস্থলেই তিনি নিহত হন।
আরও জানা যায়, একদল ডাকাত তার দোকানের কনটেইনার ভেঙে ভেতরে প্রবেশ করে লুটপাট চালাচ্ছিল। এ সময় বাধা দিলে ডাকাতরা তাকে লক্ষ্য করে গুলি চালায় বলে স্থানীয় সূত্রে দাবি করা হয়েছে।
এ ঘটনায় স্থানীয় প্রশাসন ও প্রবাসী বাংলাদেশি কমিউনিটিতে শোকের ছায়া নেমে এসেছে।
কোম্পানীগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা মো. মাসুদুর রহমান এবং সোনাইমুড়ী উপজেলার নির্বাহী কর্মকর্তা নাছরিন আক্তার বিষয়টি নিশ্চিত করেছেন। তারা বলেন, ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। এই শোকের মুহূর্তে তারা পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন এবং সরকারের পক্ষ থেকে মরদেহ দেশে ফিরিয়ে আনা ও প্রয়োজনীয় সহায়তা প্রদানের আশ্বাস দিয়েছেন।