মালয়েশিয়ায় ভবন থেকে পড়ে রামগঞ্জের প্রবাসীর মৃত্যু

স্টাফ রিপোর্টার
 ছবি: নিহত মো. মিল্লাত হোসেন।
ছবি: নিহত মো. মিল্লাত হোসেন।

পরিবারের স্বপ্ন পূরণে প্রায় এক দশক আগে মালয়েশিয়ায় পাড়ি জমিয়েছিলেন লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার বাসিন্দা মো. মিল্লাত হোসেন (৪০)। নির্মাণ শ্রমিক হিসেবে কর্মরত অবস্থায় বহুতল ভবন থেকে নিচে পড়ে তার মর্মান্তিক মৃত্যু হয়েছে।

বুধবার (২২ জুলাই) সকাল ১০টার দিকে মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে একটি ১০ তলা ভবনে কাজ করার সময় নিচে পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

স্থানীয় সূত্র জানায়, নিহত মিল্লাত হোসেন রামগঞ্জ উপজেলার লামচর ইউনিয়নের হাসনাবাদ মুন্সী বাড়ির বাসিন্দা। প্রায় ১০ বছর আগে জীবিকার সন্ধানে মালয়েশিয়ায় যান তিনি। সেখানে নির্মাণ শ্রমিক হিসেবে কাজ করছিলেন। তার পরিবারে স্ত্রী ও দুই মেয়ে রয়েছে।

নিহতের ভাই এবং পদ্মাবাজার মদিনা ফার্মেসির মালিক মো. শরীফ হোসেন বলেন, কাজ করার সময় ১০ তলা ভবন থেকে পড়ে আমার ভাই মারা গেছে। কখনো ভাবিনি এভাবে তার মৃত্যুর খবর শুনতে হবে। তিনি খুব ভালো মানুষ ছিলেন। খবর পাওয়ার পর থেকে পরিবারের সদস্যদের কান্না থামছে না।

রামগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাজী আতিকুর রহমান বলেন, ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। বিষয়টি সম্পর্কে খোঁজ নিয়ে মরদেহ দেশে আনার ক্ষেত্রে পরিবারের পাশে থেকে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা করা হবে।

সম্পর্কিত