প্রবাসী বাংলাদেশিদের জন্য চালু হতে যাওয়া ‘প্রবাসী কার্ড’-এ বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের টিকিটে বিশেষ ছাড়, বলাকা ভিআইপি লাউঞ্জ ব্যবহারে ডিসকাউন্ট, প্রাধান্যভিত্তিক চেক-ইন ও বোর্ডিং সুবিধাসহ বিভিন্ন বিশেষ সেবা যুক্ত করার পরিকল্পনা নিয়েছে সরকার। একই সঙ্গে বাংলাদেশ পর্যটন করপোরেশনের হোটেল-মোটেলেও বিশেষ ছাড় দেওয়ার উদ্যোগ নেওয়া হচ্ছে।
মঙ্গলবার (২১ জুলাই) সকালে সচিবালয়ে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে প্রবাসী কার্ড বিতরণে বিমানবন্দর-সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের করণীয় বিষয়ে আয়োজিত এক অবহিতকরণ সভায় এসব তথ্য জানান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম।
মন্ত্রী বলেন, প্রবাসীদের জন্য সব ধরনের সুযোগ-সুবিধা নিশ্চিত করতে সরকার কাজ করছে। ইতোমধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের টিকিট এবং বলাকা ভিআইপি লাউঞ্জ ব্যবহারে বিশেষ ছাড় দেওয়ার নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রীসেবার মানোন্নয়নে শাটল বাস সার্ভিস চালু করা হয়েছে।
তিনি আরও বলেন, প্রবাসীদের জন্য হয়রানিমুক্ত ও মানসম্মত বিমানসেবা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর।
সভায় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত জানান, প্রবাসী কার্ডধারীদের জন্য বাংলাদেশ পর্যটন করপোরেশনের হোটেল-মোটেলগুলোতেও বিশেষ ছাড় দেওয়ার বিষয়টি বিবেচনায় রয়েছে। এছাড়া বিমানবন্দরে প্রায়োরিটি চেক-ইন ও প্রায়োরিটি বোর্ডিং সুবিধাও চালু করা হবে।
অনুষ্ঠানের শুরুতে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেন, সরকারের নির্বাচনী ইশতেহারে অন্তর্ভুক্ত ‘প্রবাসী কার্ড’ বাস্তবায়নে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ লক্ষ্যে সংশ্লিষ্ট সংস্থাগুলোর সমন্বয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।
সভায় আরও উপস্থিত ছিলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো. নুরুল হক, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী (এশিয়া-প্যাসিফিক অঞ্চলের বৈদেশিক কর্মসংস্থান বিষয়ক) ড. মো. শাকিরুল ইসলাম খান এবং দুই মন্ত্রণালয় ও তাদের অধীনস্থ সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা।