সৌদি আরবে মোটরসাইকেল দুর্ঘটনায় ফরিদপুরের ভাঙ্গা উপজেলার শাওন মির্জা নামে এক প্রবাসী যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৫ মে) সকালে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত শাওন মির্জা ফরিদপুরের ভাঙ্গা পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের নওপাড়া এলাকার বাসিন্দা। তিনি সাবেক পুলিশ সদস্য মৃত জাহিদ মির্জার একমাত্র ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় সাবেক কাউন্সিলর অ্যাডভোকেট জহুরুল হক মিঠুন।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় এক বছর আগে জীবিকার তাগিদে সৌদি আরবে পাড়ি জমান শাওন। আসন্ন ঈদুল আজহা উপলক্ষে তার দেশে ফেরার কথা ছিল।
পরিবার সূত্রে জানা গেছে, তিন বোন, এক ভাই এবং বৃদ্ধ মাকে নিয়ে ছিল তার পরিবার। বাবার মৃত্যুর পর তিনিই ছিলেন পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি।
ঘটনার দিন তিনি মোটরসাইকেলে খাবার সরবরাহ করতে যাচ্ছিলেন। ফেরার পথে সড়কে ইউ-টার্ন নেওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে একটি খেজুর গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে তিনি গুরুতর আহত হন।
পরে তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার সকালে তিনি মারা যান।
এ ঘটনায় পরিবার ও স্থানীয়রা গভীর শোক প্রকাশ করেছেন এবং দ্রুত মরদেহ দেশে ফিরিয়ে আনার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহযোগিতা কামনা করেছেন।