সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে একটি আবাসিক ভবনে অগ্নিকাণ্ডের ঘটনায় চট্টগ্রামের রাউজান উপজেলার বাসিন্দা দিদারুল ইসলাম চৌধুরী (৬০) নিহত হয়েছেন। তিনি স্থানীয়ভাবে ‘বাইট্টা দিদার’ নামে পরিচিত ছিলেন।
নিহত দিদারুল ইসলাম দক্ষিণ–পূর্ব রাউজানের মরহুম সুলতান আহমদ সওদাগরের কনিষ্ঠ সন্তান। তিনি দীর্ঘ এক যুগ ধরে সংযুক্ত আরব আমিরাতে কর্মরত ছিলেন।
স্বজনদের সঙ্গে কথা বলে জানা গেছে, ১৭ জুন সকালে আবুধাবির আল মোল্লা সিটির একটি চারতলা আবাসিক ভবনে আগুন লাগে। অগ্নিকাণ্ডের সময় ভবনের অন্য বাসিন্দারা দ্রুত বের হয়ে আসতে সক্ষম হলেও দিদারুল ইসলাম বের হতে পারেননি।
স্বজনদের দাবি, আগুন লাগার সময় তিনি ভবনের একটি টয়লেটে অবস্থান করছিলেন। আগুন নিয়ন্ত্রণে আনার পর সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ভবনটি সিলগালা করে দেয়। পরে তাকে খুঁজে না পেয়ে স্বজন ও সহকর্মীরা মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করেন। ফোনে রিং হলেও তিনি কোনো সাড়া দেননি।
পরদিন ১৮ জুন বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টার দিকে ভবনের একটি টয়লেট থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। পরে আবুধাবি পুলিশ মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়।
নিহতের স্বজন শাহ আলম ও সাইফুদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন। তারা জানান, আগুনের তাপ অথবা ধোঁয়ার কারণে শ্বাসরোধ হয়ে তার মৃত্যু হয়ে থাকতে পারে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।
আবুধাবি প্রবাসী স্বজন আবু জাফর বলেন, দিদারুল ইসলামের মরদেহ দেশে আনার জন্য প্রয়োজনীয় প্রক্রিয়া শুরু হয়েছে। এ বিষয়ে পরিবারের সদস্যরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন।
দিদারুল ইসলামের আকস্মিক মৃত্যুতে পরিবার, স্বজন ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।