যুক্তরাষ্ট্রে নিহত বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমনের লাশ দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া সম্পন্ন হতে আরও দু-এক দিন সময় লাগতে পারে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
বুধবার (২৯ এপ্রিল) ওয়াশিংটনে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের প্রেস মিনিস্টার গোলাম মোর্তোজা এক ফেসবুক পোস্টে এ তথ্য জানান।
তিনি জানান, পুলিশ লিমনের লাশ অন্ত্যেষ্টিক্রিয়া কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করেছে। মিয়ামিতে অবস্থিত বাংলাদেশ কনস্যুলেট স্থানীয় বাংলাদেশি কমিউনিটির সঙ্গে আলোচনা করে লাশ হস্তান্তরের সিদ্ধান্ত নেয়।
লাশ হস্তান্তরের আগে পরিবারের সম্মতি নেওয়া হয়েছে এবং মুসলিম রীতিতে পরবর্তী সব প্রক্রিয়া সম্পন্ন করা হবে।
তিনি আরও জানান, প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষ করতে আরও এক থেকে দুই দিন সময় লাগতে পারে। এরপর লাশ বাংলাদেশে পাঠানো হবে।
প্রায় ১০ দিন নিখোঁজ থাকার পর গত শুক্রবার পুলিশ জামিল আহমেদ লিমনের লাশ উদ্ধার করে। তিনি যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডায় ভূগোল, পরিবেশবিজ্ঞান ও নীতি বিষয়ে পিএইচডি করছিলেন।
এদিকে একই দিনে নিখোঁজ হওয়া বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টির দেহের অংশও উদ্ধার করেছে পুলিশ। রোববার ফ্লোরিডার একটি জলাশয় থেকে ওই দেহাংশ উদ্ধার করা হয়।