২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ২ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯০

স্টাফ রিপোর্টার
 ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে দুই জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১৯০ জন ডেঙ্গুরোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।

বৃহস্পতিবার (৯ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হওয়া রোগীদের মধ্যে ঢাকা বিভাগে ৭১ জন, ময়মনসিংহ বিভাগে ৬ জন, চট্টগ্রাম বিভাগে ৩৪ জন, খুলনা বিভাগে ২২ জন, রাজশাহী বিভাগে ১২ জন, বরিশাল বিভাগে ৪৩ জন এবং সিলেট বিভাগে ২ জন রয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ৮ জুলাই পর্যন্ত দেশে মোট ৭ হাজার ৭৪৭ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। এর মধ্যে ৭ হাজার ৬৮ জন চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন।

বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত ৬৫৫ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন।

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে দুই জনের মৃত্যু হওয়ায় চলতি বছরে এ রোগে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৪ জনে।

স্বাস্থ্য অধিদপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, ২০২৫ সালে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছিলেন ১ লাখ ২ হাজার ৮৬১ জন এবং মারা যান ৪১৩ জন। ২০২৪ সালে আক্রান্ত হন ১ লাখ ১ হাজার ২১৪ জন এবং মৃত্যু হয় ৫৭৫ জনের। আর ২০২৩ সালে দেশে ডেঙ্গু পরিস্থিতি সবচেয়ে ভয়াবহ রূপ নেয়। ওই বছর ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন হাসপাতালে ভর্তি হন এবং মারা যান ১ হাজার ৭০৫ জন।

সম্পর্কিত