রাজবাড়ীতে প্রতিদিনই হাম উপসর্গ নিয়ে শিশু রোগী হাসপাতালে ভর্তি হচ্ছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে ৫ জন শিশু জেলা সদর হাসপাতালে ভর্তি হয়েছে। এতে বর্তমানে সদর হাসপাতালে চিকিৎসাধীন রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৪ জনে।
জেলা স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, জেলায় মোট হাম-উপসর্গযুক্ত রোগীর সংখ্যা ১৭১ জনে পৌঁছেছে। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় ৪ জন রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছে।
হাসপাতাল সূত্রে জানা গেছে, হাম-উপসর্গযুক্ত রোগীদের জন্য পৃথক আইসোলেশন ব্যবস্থায় চিকিৎসা দেওয়া হচ্ছে, যাতে সংক্রমণ ছড়িয়ে পড়া রোধ করা যায়।
রাজবাড়ী সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. শেখ মো. আব্দুল হান্নান জানান, এ পর্যন্ত ১৬০ জন রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছে। নতুন করে ৫ জন ভর্তি হওয়ায় বর্তমানে ১৪ জন রোগী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
স্বাস্থ্য কর্মকর্তারা শিশুদের প্রতি বিশেষ নজরদারি ও প্রয়োজনীয় চিকিৎসা নিশ্চিত করার পাশাপাশি অভিভাবকদের সচেতন থাকার আহ্বান জানিয়েছেন।