বর্ষা মৌসুমের শুরুতেই দেশে ডেঙ্গুর প্রকোপ বাড়তে শুরু করেছে। গত ২৪ ঘণ্টায় মশাবাহিত এ রোগে আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১১০ জন ডেঙ্গু রোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।
সোমবার (১ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়া রোগীদের মধ্যে বরিশাল বিভাগে ৩৫ জন, চট্টগ্রাম বিভাগে ১২ জন, ঢাকা বিভাগে ১৫ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে একজন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ১২ জন, খুলনা বিভাগে ২১ জন, ময়মনসিংহ বিভাগে আট জন, রাজশাহী বিভাগে পাঁচ জন এবং সিলেট বিভাগে একজন রয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মারা যাওয়া ব্যক্তি খুলনা বিভাগের একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। এ নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ছয়জনে।
চলতি বছরের শুরু থেকে জানুয়ারি ও ফেব্রুয়ারিতে দুজন করে এবং মে ও জুন মাসে একজন করে ডেঙ্গু আক্রান্ত রোগীর মৃত্যু হয়েছে।
এদিকে, গত ২৪ ঘণ্টায় ৮৩ জন রোগী সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। চলতি বছরে এখন পর্যন্ত মোট ৩ হাজার ১৩৮ জন ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী, চলতি বছরে এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩ হাজার ৩০৭ জনে। আক্রান্তদের মধ্যে ৬২ দশমিক ৬ শতাংশ পুরুষ এবং ৩৭ দশমিক ৪ শতাংশ নারী।
ডেঙ্গুর বিস্তার রোধে মশার প্রজননস্থল ধ্বংস, জমে থাকা পানি অপসারণ এবং ব্যক্তিগত সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা।