২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু নেই, হাসপাতালে ১৯ জন

স্টাফ রিপোর্টার
 ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

গত ২৪ ঘণ্টায় দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি। একই সময়ে সারা দেশে ১৯ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হওয়া ডেঙ্গুরোগীদের মধ্যে বরিশাল বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) দুই জন, চট্টগ্রাম বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) পাঁচ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে দুই জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে পাঁচ জন, খুলনা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) এক জন, ময়মনসিংহ বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) দুই জন এবং রাজশাহী বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) দুই জন রয়েছেন।

একই সময়ে ২৪ জন ডেঙ্গুরোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। চলতি বছরে এখন পর্যন্ত মোট ৮৮০ জন ডেঙ্গুরোগী সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন।

চলতি বছরের ২৭ জানুয়ারি পর্যন্ত দেশে মোট এক হাজার জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। আক্রান্তদের মধ্যে ৬৩ দশমিক ২ শতাংশ পুরুষ এবং ৩৬ দশমিক ৮ শতাংশ নারী।

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে কেউ মারা না গেলেও চলতি বছরে এখন পর্যন্ত ডেঙ্গুতে দুই জনের মৃত্যু হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, ২০২৫ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত দেশে ডেঙ্গু আক্রান্ত হয়েছিলেন এক লাখ দুই হাজার ৮৬১ জন এবং এ সময়ে ডেঙ্গুতে মোট ৪১৩ জনের মৃত্যু হয়।

এর আগে ২০২৪ সালের জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত এক লাখ এক হাজার ২১৪ জন ডেঙ্গু আক্রান্ত হন এবং ডেঙ্গুতে মারা যান ৫৭৫ জন। আর ২০২৩ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট এক হাজার ৭০৫ জনের মৃত্যু হয় এবং হাসপাতালে ভর্তি হন তিন লাখ ২১ হাজার ১৭৯ জন।

সম্পর্কিত