লক্ষ্মীপুরে দুই স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে ১ লাখ ২০ হাজার টাকা জরিমানা

স্টাফ রিপোর্টার
লক্ষ্মীপুর শহরের রামগতি সড়ক এলাকায় স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে ভ্রাম্যমাণ আদালতের অভিযান। ছবি: সংগৃহীত
লক্ষ্মীপুর শহরের রামগতি সড়ক এলাকায় স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে ভ্রাম্যমাণ আদালতের অভিযান। ছবি: সংগৃহীত

মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণ, লাইসেন্স নবায়ন না করা এবং বিভিন্ন অনিয়মের অভিযোগে লক্ষ্মীপুরে একটি বেসরকারি হাসপাতালসহ দুটি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানকে মোট ১ লাখ ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (৩ আগস্ট) দুপুরে শহরের রামগতি সড়ক এলাকায় জাতীয় গোয়েন্দা সংস্থার তথ্যের ভিত্তিতে জেলা প্রশাসনের উদ্যোগে যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সোহানা খন্দকার।

অভিযানে মিলেনিয়াম হাসপাতালকে ১ লাখ টাকা এবং ট্রাস্ট মেডিকেল সার্ভিসকে ২০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, জাতীয় গোয়েন্দা সংস্থার তথ্যের ভিত্তিতে শহরের কয়েকটি হাসপাতাল ও রোগ নির্ণয়কেন্দ্রে অভিযান চালানো হয়। এ সময় মিলেনিয়াম হাসপাতালের লাইসেন্স নবায়ন না করা, পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়া কার্যক্রম পরিচালনা এবং ফার্মেসিতে মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণের প্রমাণ পাওয়া যায়। এসব অনিয়মের দায়ে প্রতিষ্ঠানটিকে ১ লাখ টাকা জরিমানা করা হয়।

এদিকে আবাসিক ভবনে রোগ নির্ণয়কেন্দ্র পরিচালনা, নিবন্ধন ছাড়া ডেঙ্গু পরীক্ষার উপকরণ সংরক্ষণ এবং পুরোনো এক্স-রে যন্ত্র দিয়ে রোগী পরীক্ষা করার অভিযোগে ট্রাস্ট মেডিকেল সার্ভিসকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানে জেলা সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. নাহিদ রায়হান, পুলিশ ও আনসার সদস্যরা উপস্থিত ছিলেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট সোহানা খন্দকার বলেন, অভিযানের সময় আরও কয়েকটি প্রতিষ্ঠানকে বিভিন্ন অনিয়মের বিষয়ে সতর্ক করা হয়েছে। নিরাপদ ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

সম্পর্কিত