ডেঙ্গু চিকিৎসায় হাসপাতাল ছাড়ে কঠোরতা: স্বাস্থ্যমন্ত্রী

স্টাফ রিপোর্টার
 ছবি: স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।
ছবি: স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেছেন, ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় সরকার গত দুই মাস ধরে ধারাবাহিক প্রস্তুতি গ্রহণ করেছে। উপজেলা পর্যায়ের হাসপাতালের চিকিৎসকদের ডেঙ্গু রোগীর চিকিৎসা ব্যবস্থাপনা বিষয়ে সিভিল সার্জনদের মাধ্যমে প্রশিক্ষণ দেওয়া হয়েছে।

তিনি জানান, ডেঙ্গু আক্রান্ত কোনো রোগী সম্পূর্ণ সুস্থ না হওয়া পর্যন্ত হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হবে না। পাশাপাশি রোগীরা যেন চিকিৎসা অসমাপ্ত রেখে হাসপাতাল ত্যাগ করতে না পারেন, সে জন্য নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে।

রোববার (৫ জুলাই) রাজধানীর ন্যাশনাল নিউরোসায়েন্স হাসপাতালের ৫০০ শয্যাবিশিষ্ট দ্বিতীয় ইউনিট উদ্বোধন উপলক্ষে আয়োজিত প্রস্তুতিমূলক সভায় তিনি এসব কথা বলেন।

সভায় স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, সবার সম্মিলিত প্রচেষ্টায় দেশে বর্তমানে হাম রোগের সংক্রমণ অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে। দেশব্যাপী হাম প্রতিরোধে টিকাদান কর্মসূচি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। তবে শিশুদের পুষ্টিহীনতার কারণে রোগটি পুরোপুরি নির্মূল করা সম্ভব হয়নি।

তিনি দাবি করেন, গত চার বছরে ভিটামিন ‘এ’ ক্যাপসুল বিতরণ ও টিকাদান কর্মসূচিতে ঘাটতির কারণে বর্তমান পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, স্বাস্থ্যসেবার বিকেন্দ্রীকরণ বর্তমান সরকারের অন্যতম অগ্রাধিকার। জনগণের দোরগোড়ায় মানসম্মত স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে এ উদ্যোগ বাস্তবায়ন জরুরি।

তিনি জানান, আগামী ১৫ আগস্ট ন্যাশনাল নিউরোসায়েন্স হাসপাতালের নতুন ইউনিট উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী হাসপাতালটি পরিদর্শন করলে প্রয়োজনীয় উন্নয়ন কার্যক্রম গ্রহণ করা হবে বলে আশা করা হচ্ছে।

সভায় স্বাস্থ্য প্রতিমন্ত্রী বলেন, সরকার স্বাস্থ্য খাতকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে এবং সবার জন্য সমান স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে বিকেন্দ্রীকরণ অপরিহার্য। এ লক্ষ্যে অন্তত চারটি পুরোনো বিভাগীয় শহরে নিউরোসায়েন্স ইনস্টিটিউট প্রতিষ্ঠার পরিকল্পনা রয়েছে।

তিনি আরও বলেন, এসব প্রতিষ্ঠানে দক্ষ বিশেষজ্ঞ চিকিৎসক গড়ে তুলতে ন্যাশনাল নিউরোসায়েন্স হাসপাতালের ভূমিকা গুরুত্বপূর্ণ হবে।

সম্পর্কিত