আগারগাঁওয়ে শুরু সাতদিনের এসএমই বৈশাখী মেলা

স্টাফ রিপোর্টার
 ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

রাজধানীর আগারগাঁও-এ অবস্থিত বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র-এ শুরু হয়েছে সাতদিনব্যাপী এসএমই বৈশাখী মেলা। মেলাটি চলবে আগামী ১৮ এপ্রিল পর্যন্ত।

রোববার (১২ এপ্রিল) বিকেলে মেলার উদ্বোধন করেন শিল্প, বাণিজ্য এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এসএমই ফাউন্ডেশন-এর চেয়ারপার্সন ও শিল্পসচিব মো. ওবায়দুর রহমান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন এসএমই ফাউন্ডেশনের পরিচালক পর্ষদ সদস্য সামিম আহমেদ এবং স্বাগত বক্তব্য দেন সংস্থাটির ব্যবস্থাপনা পরিচালক আনোয়ার হোসেন চৌধুরী।

আয়োজকরা জানান, বাংলার ঐতিহ্য, সংস্কৃতি ও উৎসবকে একত্র করে নতুন বছরের আনন্দকে প্রাণবন্ত করে তুলতেই এই মেলার আয়োজন করা হয়েছে।

মেলায় ১৫০টিরও বেশি স্টলে হস্ত ও কারুশিল্প, পাটজাত পণ্য, তৈরি পোশাক, কৃষিপণ্য, ঐতিহ্যবাহী হেরিটেজ সামগ্রী, প্রস্তুত খাবার ও স্ট্রিট ফুড, কৃত্রিম গয়না, চামড়াজাত পণ্য এবং লাইফস্টাইল পণ্য প্রদর্শন ও বিক্রি করছেন এসএমই উদ্যোক্তারা।

মেলায় প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য উন্মুক্ত রাখা হয়েছে। কেনাকাটার পাশাপাশি থাকছে সাংস্কৃতিক আয়োজন, লাইভ পরিবেশনা ও লোকজ ঐতিহ্যের সমন্বয়।

বিশেষ আকর্ষণ হিসেবে মনিপুরি নৃত্য ও গম্ভীরা গানের পরিবেশনা অনুষ্ঠিত হয়েছে। আগামী দিনগুলোতে শান্তা মারিয়াম বিশ্ববিদ্যালয়-এর শিক্ষার্থীদের পরিবেশনা, বাউল শিল্পী কুদ্দুস বয়াতি-এর গানসহ বিভিন্ন সাংস্কৃতিক আয়োজন থাকবে।

পহেলা বৈশাখ উপলক্ষে ১৪ এপ্রিল বিশেষ আয়োজন হিসেবে সোহান আলী, ওশান মিউজিক ক্রু, নৃত্যছায়া ও বাউল সংগীত পরিবেশিত হবে।

মেলায় দর্শনার্থীদের জন্য নাগরদোলা, ফেস পেইন্টিং, টিয়া পাখির মাধ্যমে ভাগ্য গণনা, বানর খেলা, কিডস জোন, বেলুন শুটিং, রণপা, আদিবাসী ও লোকজ নৃত্যসহ নানা বিনোদনমূলক আয়োজন রাখা হয়েছে।

সম্পর্কিত