জুলাই গণ-অভ্যুত্থানের শহীদ আবু সাঈদ-এর স্মৃতিকে ধারণ করে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়-এ চার দিনব্যাপী ‘শহীদ আবু সাঈদ বইমেলা’ শুরু হয়েছে।
রোববার (১২ এপ্রিল) বিকেলে বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতা স্মারক মাঠে এই বইমেলার উদ্বোধন করেন শহীদ আবু সাঈদের বাবা মো. মকবুল হোসেন।
উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, বিশ্ববিদ্যালয় আবু সাঈদের নামে বইমেলার আয়োজন করেছে—এটি গর্বের বিষয়। ভবিষ্যতে এই মেলা আরও বড় ও উন্নত আকারে আয়োজন করা হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. শওকাত আলী বলেন, শহীদ আবু সাঈদের অসামান্য অবদান স্মরণে বিশ্ববিদ্যালয় প্রশাসনের উদ্যোগে এই বইমেলার আয়োজন করা হয়েছে। তিনি উল্লেখ করেন, বইমেলার মাধ্যমে নতুন প্রজন্ম ইতিহাস, সাহিত্য ও মুক্তচিন্তার সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ পাবে এবং জ্ঞানচর্চা ও মানবিক মূল্যবোধ গঠনে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
তিনি আরও বলেন, ২০২৪ সালের জুলাই-আগস্টের গণ-অভ্যুত্থানে আত্মোৎসর্গকারী আবু সাঈদ বিশ্ব দরবারে আলোচিত এক সাহসী নাম।
অর্থনীতি বিভাগের প্রভাষক সাইফুদ্দিন খালেদ-এর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) ও প্রক্টর ড. মো. ফেরদৌস রহমান, বইমেলা আয়োজক কমিটির আহ্বায়ক ড. মো. মনিরুজ্জামান এবং ইতিহাস ও প্রত্নতত্ত্ব বিভাগের সহকারী অধ্যাপক ড. সোহাগ আলী।
বইমেলায় ‘আবু সাঈদ কর্নার’সহ মোট ৩৫টি প্রকাশনা ও বিভিন্ন প্রতিষ্ঠানের স্টল অংশ নিয়েছে। মেলাটি আগামী ১৫ এপ্রিল পর্যন্ত চলবে।
মেলায় প্রতিদিন আলোচনা অনুষ্ঠান, লেখক আড্ডা, আবৃত্তি ও গ্রন্থ পর্যালোচনার পাশাপাশি শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
দেশে চলমান জ্বালানি সংকটের প্রেক্ষিতে সরকারের নির্দেশনা অনুযায়ী প্রতিদিন দুপুর দেড়টা থেকে বিকেল ৬টা পর্যন্ত মেলা চালু থাকবে। তবে পহেলা বৈশাখ উপলক্ষে ১৪ এপ্রিল সকাল ১০টা থেকে বিকেল ৬টা পর্যন্ত মেলা সবার জন্য উন্মুক্ত থাকবে।