লক্ষ্মীপুরে ন্যাশনাল আইডিয়াল স্কুলের উদ্যোগে আয়োজিত বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ী এক হাজার নয়শত শিক্ষার্থীর মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। শনিবার (৩১ জানুয়ারি) সকালে বিদ্যালয় প্রাঙ্গণে উৎসবমুখর পরিবেশে এ পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
জানা গেছে, ন্যাশনাল আইডিয়াল স্কুলে আয়োজিত এই বার্ষিক অনুষ্ঠানে প্রায় ৩০০টি ইভেন্টে বিভিন্ন শ্রেণির শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। ক্রীড়া, সাংস্কৃতিক ও মেধাভিত্তিক এসব প্রতিযোগিতার মাধ্যমে শিক্ষার্থীদের শারীরিক সক্ষমতা, সৃজনশীলতা ও আত্মবিশ্বাস বৃদ্ধির লক্ষ্যেই এ আয়োজন করা হয়।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর জেলার পুলিশ সুপার মো. আবু তারেক। তিনি বলেন, পড়াশোনার পাশাপাশি খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ড শিক্ষার্থীদের মানবিক ও নৈতিক গুণাবলি বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এমন আয়োজন ভবিষ্যৎ প্রজন্মকে সুস্থ ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে তুলবে।
ন্যাশনাল আইডিয়াল স্কুলের অধ্যক্ষ প্রফেসর মো. রফিকুল ইসলাম-এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাধ্যক্ষ হাবিবুর রহমান সবুজ, পল্লী সঞ্চয় ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. সোলাইমান, ছিদ্দিক উল্লাহ ভূঁইয়া ফাউন্ডেশনের চেয়ারম্যান আফতাব উদ্দিন ভূঁইয়া এবং লক্ষ্মীপুর প্রেসক্লাবের দপ্তর সম্পাদক মো. রবিউল ইসলাম খান।
প্রতিষ্ঠানের সহকারী শিক্ষিকার সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ন্যাশনাল আইডিয়াল স্কুলের কো-অর্ডিনেটর ইসমাইল হোসেন, আতিকুর রহমান, মারজাহান মুন্নী, আবিদা বিন্তি, আশরাফুল ইসলামসহ অন্যান্য শিক্ষক, শিক্ষিকা ও অভিভাবকবৃন্দ।
অনুষ্ঠানের শেষ পর্বে ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থী এবং মেধা তালিকায় উত্তীর্ণদের হাতে ট্রফি, মেডেল ও সনদপত্র তুলে দেন অতিথিরা। পুরস্কার পেয়ে শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহ ও আনন্দ লক্ষ্য করা যায়।