বাবাকে হত্যার অভিযোগে ছেলে গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার
নওগাঁয় বাবাকে হত্যার অভিযোগে গ্রেপ্তার ছেলে সুমন। ছবি: সংগৃহীত
নওগাঁয় বাবাকে হত্যার অভিযোগে গ্রেপ্তার ছেলে সুমন। ছবি: সংগৃহীত

নওগাঁ শহরে রিকশাচালক বাবাকে মারধর করে হত্যার অভিযোগে ছেলে সুমন (২৫)কে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (৮ জুলাই) রাতে ঢাকায় পালিয়ে যাওয়ার সময় শহরের সুলতানপুর এলাকা থেকে তাকে আটক করা হয়।

পুলিশ জানায়, গত সোমবার (৬ জুলাই) নওগাঁ শহরের বনানীপাড়া এলাকায় নিজ বাড়িতে রিকশাচালক মাহাতাব সরকারকে (৬২) মারধর করে হত্যার অভিযোগ ওঠে তার ছেলে সুমনের বিরুদ্ধে। ঘটনার পর থেকেই তিনি পলাতক ছিলেন।

পুলিশ ও নিহতের পরিবারের সদস্যদের বরাতে জানা যায়, কয়েক বছর ধরে সুমন মাদকাসক্ত ছিলেন। এ কারণে পরিবারে প্রায়ই অশান্তি লেগে থাকত। প্রায় এক বছর আগে তার স্ত্রী সুমা স্বামীর মাদকাসক্তির কারণে তাকে ছেড়ে ঢাকায় একটি পোশাক কারখানায় চাকরি নেন। সম্প্রতি তিনি বাড়িতে ফিরে এলে পারিবারিক বিরোধ আরও তীব্র হয়।

অভিযোগ অনুযায়ী, গত রোববার (৫ জুলাই) রাতে সুমন বাবার কক্ষে গিয়ে শুয়ে পড়েন। একপর্যায়ে মাহাতাব সরকার ছেলের মাথায় হাত বুলিয়ে দোয়া পড়ছিলেন। এ সময় ক্ষিপ্ত হয়ে সুমন তাকে ঘর থেকে উঠানে নিয়ে কাঠের বাটাম দিয়ে শরীরের বিভিন্ন স্থানে আঘাত করেন। পরে একটি ইট দিয়ে মাথায় আঘাত করলে তিনি গুরুতর আহত হন। পরিবারের সদস্যরা এগিয়ে এলে সুমন ঘটনাস্থল থেকে পালিয়ে যান।

পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মাহাতাব সরকারের মরদেহ উদ্ধার করে এবং এ ঘটনায় তদন্ত শুরু করে।

জেলা পুলিশের তথ্য অনুযায়ী, ঘটনার পরপরই জেলা গোয়েন্দা শাখাকে অভিযুক্তকে গ্রেপ্তারের নির্দেশ দেওয়া হয়। তথ্যপ্রযুক্তির সহায়তায় নওগাঁ ও বগুড়ার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে শেষ পর্যন্ত সুলতানপুর এলাকা থেকে ঢাকায় পালিয়ে যাওয়ার সময় সুমনকে গ্রেপ্তার করা হয়।

নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, তথ্যপ্রযুক্তির সহায়তায় পরিচালিত অভিযানে অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। অপরাধীদের আইনের আওতায় আনতে জেলা পুলিশ সবসময় তৎপর রয়েছে।

সম্পর্কিত