রাজধানীর পল্লবীতে আবাসিক এলাকায় প্রবেশকে কেন্দ্র করে তর্কের জেরে নিরাপত্তা প্রহরীকে হত্যার ঘটনায় এক অটোরিকশাচালককে গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।
গ্রেপ্তার ব্যক্তির নাম সাগর শেখ বাবু (৩৭)। শনিবার (১৮ এপ্রিল) রাজধানীর পশ্চিম আগারগাঁওয়ে পিবিআই ঢাকা মেট্রো উত্তর কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন অতিরিক্ত ডিআইজি এনায়েত হোসেন মান্নান।
পিবিআই জানায়, গত ১৩ এপ্রিল দুপুরে উত্তর পল্লবী আবাসিক এলাকায় অটোরিকশা নিয়ে প্রবেশ করতে গেলে বাধা দেন নিরাপত্তা প্রহরী সালাহউদ্দিন (৫৫)। এতে দু’জনের মধ্যে বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে সাগর শেখ বাবু প্রহরীকে মাথা ও মুখমণ্ডলসহ শরীরের বিভিন্ন স্থানে কিল-ঘুষি মারেন। এতে তিনি অচেতন হয়ে পড়ে যান।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক পরদিন তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিহতের স্ত্রী হালিমা বেগম পল্লবী থানায় মামলা দায়ের করেন।
পিবিআই জানায়, সিসিটিভি ফুটেজ ও প্রত্যক্ষদর্শীদের তথ্যের ভিত্তিতে তদন্তে নামিয়ে গত ১৭ এপ্রিল ভোরে মিরপুর সেকশন-১১ এলাকা থেকে অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়। পরবর্তীতে তার স্বীকারোক্তিমূলক জবানবন্দিও গ্রহণ করা হয়েছে।
ঘটনার পরপরই অভিযুক্ত বিভিন্ন এলাকায় আত্মগোপনে ছিল বলেও জানায় তদন্ত সংস্থা।