রাজধানীর পল্লবীতে শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যার ঘটনায় দায়ের করা মামলায় ডিএনএ পরীক্ষার রিপোর্ট ৭২ ঘণ্টার মধ্যে পাওয়া গেলে ঈদের আগেই চার্জশিট দেওয়া হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান।
শনিবার (২৩ মে) রাজধানীতে লিগ্যাল এইডের একটি অনুষ্ঠানে যুক্ত হয়ে তিনি এ কথা বলেন।
অনুষ্ঠানে রামিসা হত্যা মামলার প্রসঙ্গ উঠে এলে আইনমন্ত্রী বলেন, ডিএনএ রিপোর্ট দ্রুত পাওয়া গেলে ঈদের আগেই চার্জশিট দেওয়া সম্ভব হবে এবং ঈদের পর বিচার কার্যক্রম শুরু হবে।
তিনি আরও বলেন, ডিএনএ রিপোর্ট ছাড়া চার্জশিট দিলে বিচার প্রক্রিয়া প্রশ্নবিদ্ধ হতে পারে। তাই আইনগতভাবে সঠিক প্রক্রিয়া অনুসরণ করা হচ্ছে।
আইনমন্ত্রী জানান, মামলাটি এমনভাবে দ্রুত নিষ্পত্তি করা হবে যাতে জনগণের মধ্যে কোনো প্রশ্ন না থাকে। একই সঙ্গে মৃত্যুদণ্ড কার্যকরের ক্ষেত্রে প্রয়োজনীয় নথি প্রস্তুত ও হাইকোর্ট পর্যায়ের প্রক্রিয়া দ্রুত করার বিষয়েও কাজ চলছে।
তিনি আরও উল্লেখ করেন, নেত্রকোনার একটি পৃথক ঘটনাও সরকার নজরদারিতে রেখেছে।
গত ১৯ মে সকালে মিরপুরের পল্লবীর একটি ফ্ল্যাটের খাটের নিচ থেকে শিশু রামিসার মস্তকবিহীন মরদেহ উদ্ধার করা হয়। পরে বাথরুম থেকে তার খণ্ডিত মাথা উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় পল্লবী থানায় হত্যা মামলা দায়ের করা হয়।
এ ঘটনায় প্রধান আসামি সোহেল রানার স্ত্রী স্বপ্না আক্তারকে প্রথমে আটক করা হয় এবং পরে সোহেল রানাকে গ্রেপ্তার করা হয়। আদালতে তিনি হত্যার দায় স্বীকার করে জবানবন্দিও দিয়েছেন।