জুলাই আন্দোলনের সময় মোহাম্মদপুরে মালবাহী ট্রাকচালক মো. হোসেনকে গুলি করে হত্যার অভিযোগে দায়ের করা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানি পিছিয়েছে।
মঙ্গলবার ঢাকার বিশেষ জজ আদালত-৪ এর বিচারক রবিউল আলম আসামিপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে আগামী ২১ মে নতুন দিন ধার্য করেন।
আদালত সূত্রে জানা যায়, মামলার কারাবন্দি আসামি জুনাইদ আহমেদ পলক ও সাদেক খানকে আদালতে হাজির করা হয়। পরে আসামিপক্ষ শুনানি পেছানোর আবেদন জানালে আদালত তা মঞ্জুর করেন।
শুনানির পর আদালত থেকে হাজতখানায় নেওয়ার সময় সাবেক প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক জানান, প্রিজন ভ্যানে পরিবহনের সময় তিনি ঘাড়ে আঘাত পেয়েছেন এবং তিনি চিকিৎসা নিতে চান। তার আইনজীবী বিষয়টি আদালতে আবেদন করার কথা জানান।
এর আগে ২০২৪ সালের ১৯ জুলাই মোহাম্মদপুরে গুলিবিদ্ধ হয়ে ট্রাকচালক মো. হোসেন নিহত হন। এ ঘটনায় আহত হন আরও দুইজন। নিহতের স্ত্রী মোসা. রীনা বেগম একই বছরের ৩১ আগস্ট শেখ হাসিনাসহ ১৬ জনকে আসামি করে মামলা করেন।
তদন্ত শেষে গত বছরের ২৩ নভেম্বর তদন্ত কর্মকর্তা ৩৪ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।
আসামিদের মধ্যে সাবেক মন্ত্রী, সংসদ সদস্য, রাজনৈতিক নেতা এবং বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা রয়েছেন। বর্তমানে কয়েকজন আসামি কারাগারে আটক আছেন।