চট্টগ্রামের সীতাকুণ্ডের দুর্গম পাহাড়ি এলাকায় ৮ বছর বয়সী শিশু ইরা মনিকে শ্বাসনালী কেটে হত্যা মামলার রায় ঘোষণার জন্য আগামী মঙ্গলবার দিন ধার্য করেছেন আদালত।
চট্টগ্রামের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৪ এর বিচারক জান্নাতুল ফেরদৌস গত বৃহস্পতিবার যুক্তিতর্ক শুনানি শেষে এ দিন নির্ধারণ করেন।
হত্যাকাণ্ডের প্রায় চার মাসের মধ্যে আলোচিত এই শিশু হত্যা মামলার রায় ঘোষণার পর্যায়ে এসেছে। অভিযোগ গঠনের পর মাত্র ১০ কার্যদিবসের মধ্যে মামলাটি রায়ের পর্যায়ে পৌঁছায়।
মামলার একমাত্র আসামি বাবু শেখ (৪৫) গত ৩০ জুন আদালতে সাফাই সাক্ষ্য দেন। এর আগে ছয় কার্যদিবসে মোট ১৬ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ সম্পন্ন হয়।
আদালত সূত্র জানায়, গত বৃহস্পতিবার যুক্তিতর্ক শুনানি শেষে রায়ের জন্য মঙ্গলবার দিন ধার্য করা হয়।
নিহত ইরা মনি চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ছোট কুমিরা মাস্টারপাড়ার বাসিন্দা। তার বাবা মনিরুল ইসলাম একজন টমটম চালক। সে স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল।
ঘটনার পর ৩ মার্চ কুমিরা এলাকা থেকে বাবু শেখকে গ্রেপ্তার করে পুলিশ। তার বাড়ি গাইবান্ধার গোবিন্দগঞ্জ থানার মধ্যম পুলুপাড়ায়। তিনি নিহত শিশুর পরিবারের পাশের ঘরে ভাড়া থাকতেন।
পুলিশের তথ্য অনুযায়ী, পারিবারিক বিরোধের জেরে শিশুটিকে হত্যার পরিকল্পনা করা হয়। ১ মার্চ সকালে চকলেট ও ঘুরতে নিয়ে যাওয়ার কথা বলে শিশুটিকে পাহাড়ে নিয়ে যাওয়া হয়। পরে সেখানে হত্যার ঘটনা ঘটে।
পরে আহত অবস্থায় শিশুটিকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় ৩ মার্চ তার মৃত্যু হয়।
এ ঘটনায় ইরা মনির মায়ের দায়ের করা মামলায় ১১ জুন আদালতে অভিযোগপত্র জমা দেয় পুলিশ। ১৮ জুন অভিযোগ গঠন এবং ২১ জুন থেকে সাক্ষ্যগ্রহণ শুরু হয়।