ডিএমপির অভিযানে তেজগাঁও বিভাগে ৭২ জন গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার
 ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের পৃথক অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ৭২ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

মঙ্গলবার (২৮ এপ্রিল) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার এন এম নাসিরুদ্দিন এ তথ্য নিশ্চিত করেন।

তেজগাঁও বিভাগ সূত্রে জানা যায়, রাজধানীর বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় নিয়মিত অভিযান চালিয়ে এসব ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারের সময় তাদের কাছ থেকে ৫৮ পিস ইয়াবা, দুটি সামুরাই, দুটি চাপাতি এবং নগদ ২ হাজার ৭৭০ টাকা উদ্ধার করা হয়েছে।

গ্রেপ্তারদের মধ্যে তেজগাঁও থানা থেকে ৭ জন, শেরেবাংলা নগর থানা থেকে ৮ জন, মোহাম্মদপুর থানা থেকে ২৬ জন, আদাবর থানা থেকে ৬ জন, তেজগাঁও শিল্পাঞ্চল থানা থেকে ১৭ জন এবং হাতিরঝিল থানা থেকে ৮ জনকে আটক করা হয়।

ডিএমপির পক্ষ থেকে জানানো হয়েছে, গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে এবং তাদের আদালতে পাঠানো হয়েছে।

পুলিশ জানিয়েছে, রাজধানীতে অপরাধ দমনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সম্পর্কিত