ভোলা সদর উপজেলায় যৌথ অভিযানে গাঁজাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে কোস্ট গার্ড। সোমবার (২৭ এপ্রিল) দুপুর ১২টার দিকে কোস্ট গার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট মো. আবুল কাশেম এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।
আটকরা হলেন মো. মনির হোসেন ও মো. শহীদ সিকদার। তারা ভোলা সদর উপজেলার ভেলুমিয়া ইউনিয়নের বাসিন্দা।
কোস্ট গার্ড সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার ভোর রাতে ভেলুমিয়া চরগাজী আদর্শগ্রাম সংলগ্ন এলাকায় কোস্ট গার্ড ও পুলিশের সমন্বয়ে যৌথ অভিযান চালানো হয়। এ সময় তল্লাশি করে প্রায় ৪০ হাজার টাকা মূল্যের এক কেজি গাঁজাসহ তাদের আটক করা হয়।
পরে জব্দ করা গাঁজা এবং আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ভোলা সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
কোস্ট গার্ড জানিয়েছে, মাদকের ভয়াবহতা থেকে তরুণ সমাজকে রক্ষা করতে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।