জামালপুর জেলা আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও দিগপাইত ইউনিয়ন আওয়ামী লীগের উপদেষ্টা কৃষিবিদ জিয়াউল হক জিয়া কারাবন্দি অবস্থায় মারা গেছেন।
বুধবার (১৫ এপ্রিল) দুপুরে জামালপুর জেলা কারাগারের জেল সুপার মোহাম্মদ শফিউল আলম বিষয়টি নিশ্চিত করেন। এর আগে মঙ্গলবার (১৪ এপ্রিল) রাত প্রায় ১১টার দিকে তার মৃত্যু হয়।
জানা যায়, দুর্নীতি দমন কমিশন (দুদক) দায়ের করা একটি মামলায় গত ১৫ জানুয়ারি গ্রেপ্তার হয়ে তিনি জামালপুর জেলা কারাগারে ছিলেন।
পরিবার ও কারা সূত্রে জানা গেছে, ডায়াবেটিসসহ বিভিন্ন জটিল রোগে ভুগছিলেন জিয়াউল হক জিয়া। মঙ্গলবার দুপুরে খাবার গ্রহণের পর হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি।
প্রথমে তাকে জামালপুর জেনারেল হাসপাতাল-এ নেওয়া হয়। সেখানে বিকেল পর্যন্ত চিকিৎসা দেওয়া হলেও অবস্থার উন্নতি না হওয়ায় তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল-এ স্থানান্তর করা হয়।
পরে সেখানে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
জেল সুপার মোহাম্মদ শফিউল আলম জানান, দুপুরের খাবারের পর হঠাৎ অসুস্থ হয়ে পড়লে দ্রুত চিকিৎসার ব্যবস্থা করা হয়। তবে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।