লক্ষ্মীপুর-৪ আসনের সাবেক সংসদ সদস্য মোশাররফ হোসেনের মৃত্যু

রামগতি (লক্ষ্মীপুর) প্রতিনিধি
সাবেক সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা মোশাররফ হোসেন। ছবি: সংগৃহীত
সাবেক সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা মোশাররফ হোসেন। ছবি: সংগৃহীত

লক্ষ্মীপুর-৪ (রামগতি-কমলনগর) আসনের সাবেক সংসদ সদস্য, বীর মুক্তিযোদ্ধা এবং জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ-ইনু) এর সহসভাপতি মোশাররফ হোসেন মারা গেছেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৮ বছর।

শনিবার রাত দেড়টার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বিষয়টি নিশ্চিত করেছেন তাঁর ভাতিজির স্বামী ও লক্ষ্মীপুর সরকারি কলেজের অধ্যাপক মাহবুবে এলাহি সানি।

রাজনৈতিক জীবনে মোশাররফ হোসেন ছিলেন ষাটের দশকের অবিভক্ত ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা। মহান মুক্তিযুদ্ধের সময় তিনি মুজিব বাহিনী বা বাংলাদেশ লিবারেশন ফোর্সের (বিএলএফ) নোয়াখালী ও হাতিয়া জোনাল কমান্ডারের দায়িত্ব পালন করেন। এছাড়া তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়-এর শহীদুল্লাহ হল ছাত্র সংসদের সাবেক ভিপি ছিলেন।

১৯৮৮ সালের চতুর্থ জাতীয় সংসদ নির্বাচনে সম্মিলিত বিরোধী দলের প্রার্থী হিসেবে লক্ষ্মীপুর-৪ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন তিনি। সর্বশেষ ২০২৪ সালের জাতীয় সংসদ নির্বাচনে ১৪ দলীয় জোটের প্রার্থী হিসেবে নৌকা প্রতীক নিয়ে একই আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করেন।

দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন মোশাররফ হোসেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন।

পরিবারের সদস্যরা জানান, রোববার বাদ আছর রামগতি উপজেলার আলেকজান্ডার পাইলট উচ্চ বিদ্যালয় মাঠ-এ তাঁর নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।

স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনের নেতৃবৃন্দ তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

সম্পর্কিত