ভাঙ্গায় ট্রাক-বাস মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত

স্টাফ রিপোর্টার
 ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় ঢাকা–বরিশাল মহাসড়কে ট্রাক ও যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে ট্রাকের চালক ও হেলপার নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১৫ জন। দুর্ঘটনার পর মহাসড়কে কিছু সময় যান চলাচল ব্যাহত হয়ে তীব্র ভোগান্তির সৃষ্টি হয়।

শনিবার (২৪ জানুয়ারি) সকাল সাড়ে ১১টার দিকে ভাঙ্গা উপজেলার প্রাণিসম্পদ অফিসের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন ট্রাকচালক নবীন শেখ (২২) এবং হেলপার রাশেদ (৩০)। নবীন শেখ ফরিদপুর সদর উপজেলার ধলার মোড় এলাকার শেখ মজিদের ছেলে। নিহত হেলপার রাশেদের বিস্তারিত পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বরিশাল থেকে ছেড়ে আসা কুষ্টিয়াগামী লিজা পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে একটি ইটভাটার ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে ট্রাকটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই হেলপার রাশেদ নিহত হন।

গুরুতর আহত অবস্থায় ট্রাকচালক নবীন শেখকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। দুর্ঘটনায় ট্রাকে থাকা শ্রমিক ও বাসের যাত্রীসহ অন্তত ১৫ জন আহত হন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।

আহতদের ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ আশপাশের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রয়োজন অনুযায়ী কয়েকজনকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালসহ অন্যান্য স্বাস্থ্যকেন্দ্রে পাঠানো হয়েছে।

দুর্ঘটনার খবর পেয়ে ভাঙ্গা হাইওয়ে থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম পরিচালনা করে। পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা দুর্ঘটনাকবলিত যানবাহন সরিয়ে সড়ক পরিষ্কার করলে ধীরে ধীরে যান চলাচল স্বাভাবিক হয়। তবে এ সময় ঢাকা–বরিশাল মহাসড়কের ওই অংশে দীর্ঘ যানজট সৃষ্টি হয়।

ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হেলাল উদ্দিন দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দুর্ঘটনার কারণ তদন্ত করা হচ্ছে এবং এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

স্থানীয়রা জানান, এলাকায় প্রায়ই দ্রুতগতির যানবাহনের কারণে দুর্ঘটনা ঘটে। তারা সড়কে গতি নিয়ন্ত্রণ ও বাড়তি নজরদারির দাবি জানিয়েছেন।

সম্পর্কিত