ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রাম উপজেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন।
শুক্রবার (১৫ মে) সকালে উপজেলার বাতিসা ইউনিয়নের রিফাত সিএনজি ফিলিং স্টেশনের সামনে এবং উজিরপুর ইউনিয়নের নালবাগ এলাকায় কিষোয়ান বিস্কুট কারখানার সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- চট্টগ্রাম জেলার খুলশী থানার পূর্ব নাসিরাবাদ এলাকার রফিকুল ইসলামের ছেলে মো. ফারুক (২৫) এবং কক্সবাজার জেলার চকরিয়া থানার ভরাইতলী এলাকার শামসুল আলমের ছেলে মিজানুর রহমান (৩২)।
মিয়াবাজার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রুহুল আমিন বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, পৃথক দুটি স্থানে অজ্ঞাতনামা গাড়ির ধাক্কায় ওই দুজন নিহত হয়েছেন। পরে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে হাইওয়ে পুলিশ ফাঁড়িতে নিয়ে যায়।
আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার সকালে বাতিসা এলাকার রিফাত সিএনজি ফিলিং স্টেশনের সামনে ঢাকামুখী সড়কে মোটরসাইকেল আরোহী মো. ফারুককে একটি অজ্ঞাতনামা লরি চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
অপরদিকে প্রায় একই সময়ে উপজেলার উজিরপুর ইউনিয়নের নালবাগ এলাকায় কিষোয়ান বিস্কুট কারখানার সামনে রাস্তা পার হওয়ার সময় কারখানা শ্রমিক মিজানুর রহমানকে অজ্ঞাতনামা একটি গাড়ি ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।