রামগতি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নরমাল ডেলিভারি ১,৮১৯

 ছবি: রামগতি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স
ছবি: রামগতি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স

লক্ষ্মীপুরের রামগতি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গত এক বছরে ঝুঁকিমুক্তভাবে এক হাজার ৮১৯ জন প্রসূতি মায়ের নরমাল ডেলিভারি সম্পন্ন হয়েছে। সরকারি স্বাস্থ্যসেবার প্রতি মানুষের আস্থা বাড়ার পাশাপাশি নিরাপদ মাতৃত্ব নিশ্চিত করতে এ সাফল্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কামনাশিষ মজুমদার জানান, ২০২৫ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত সময়ে এই সংখ্যক প্রসূতি মাকে নিরাপদ নরমাল ডেলিভারি সেবা দেওয়া হয়েছে। একই সময়ে ঝুঁকিপূর্ণ অবস্থার কারণে ৪২ জন প্রসূতিকে উন্নত চিকিৎসার জন্য লক্ষ্মীপুর সদর হাসপাতাল ও নোয়াখালী সদর হাসপাতালে রেফার করা হয়।

হাসপাতাল সূত্রে জানা গেছে, রামগতি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ছয়টি মিডওয়াইফ পদের অনুমোদন থাকলেও বর্তমানে কোনো মিডওয়াইফ কর্মরত নেই। এ অবস্থায় চিকিৎসক ও নার্সদের সমন্বিত প্রচেষ্টায় নিয়মিত ডেলিভারির মতো ঝুঁকিপূর্ণ সেবা চালু রাখা হয়েছে, যা নিঃসন্দেহে প্রশংসনীয়।

সরকারি হাসপাতালে ডেলিভারি সেবা জোরদার হওয়ায় আর্থিকভাবে স্বল্প আয়ের পরিবারগুলোর মধ্যে স্বস্তি ফিরেছে। অনেক প্রসূতি মা ও তাঁদের স্বজনরা বেসরকারি ক্লিনিকের পরিবর্তে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এসে নিরাপদ সেবা গ্রহণ করছেন।

তবে হাসপাতালের ভেতরের অবকাঠামোগত উন্নয়ন তুলনামূলক ভালো হলেও পরিচ্ছন্নতাকর্মীর তীব্র সংকট রয়েছে বলে জানান কর্তৃপক্ষ। এ কারণে অনেক সময় রোগীদের নোংরা ও অস্বস্তিকর পরিবেশে চিকিৎসা নিতে হচ্ছে, যা দ্রুত সমাধানের দাবি রাখে।

ডা. কামনাশিষ মজুমদার আরও বলেন, “বর্তমান ধারা অব্যাহত থাকলে প্রসূতি ও নবজাতকের মৃত্যুহার আরও কমবে। প্রয়োজনীয় জনবল নিয়োগ ও সহায়ক ব্যবস্থা জোরদার করা গেলে ‘নিরাপদ মাতৃত্ব’ বাস্তবায়নে রামগতি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স একটি মডেল প্রতিষ্ঠানে পরিণত হবে।”

সম্পর্কিত