রায়পুরে বিএনপি নেতা ও কলেজ শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি
 ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

লক্ষ্মীপুর জেলার রায়পুর উপজেলায় পৃথক দুটি স্থান থেকে এক বিএনপি নেতা ও এক কলেজ শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার রাত ও মঙ্গলবার সকালে এসব ঘটনা ঘটে। ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ও নানা আলোচনা তৈরি হয়েছে।

পুলিশ সূত্র জানায়, মঙ্গলবার সকালে রায়পুর উপজেলার উত্তর চরবংশী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ইউসুফ আলী বুলু রাড়ী (৫২)-এর মরদেহ উদ্ধার করা হয়। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, তিনি কিছুদিন ধরে পারিবারিক ও ব্যক্তিগত চাপের মধ্যে ছিলেন এবং মানসিকভাবে বিপর্যস্ত অবস্থায় সময় কাটাচ্ছিলেন।

এলাকাবাসী ও দলীয় সূত্রে জানা যায়, ব্যক্তিগত বিষয় নিয়ে ইউসুফ আলীর সঙ্গে পরিবারের টানাপড়েন চলছিল। এ নিয়ে আগেও একাধিকবার সালিশ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। দলীয় নেতাকর্মীরা জানান, ঘটনার কয়েকদিন আগে থেকেই তার আচরণে অস্বাভাবিকতা লক্ষ্য করা যাচ্ছিল।

অন্যদিকে, সোমবার রাতে রায়পুর উপজেলা সদর এলাকায় থানার নিকটবর্তী একটি ভাড়া বাসা থেকে জয়ন্ত পাল (২০) নামে এক কলেজ শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়। তিনি রায়পুর রুস্তম আলী ডিগ্রি কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন।

পুলিশ জানায়, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পারিবারিক ও আর্থিক বিষয় নিয়ে মানসিক চাপে ছিলেন ওই শিক্ষার্থী। তবে মৃত্যুর প্রকৃত কারণ জানতে তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।

রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহিন মিয়া বলেন, “দুটি ঘটনাকেই প্রাথমিকভাবে অপমৃত্যু হিসেবে বিবেচনা করা হচ্ছে। এ বিষয়ে থানায় পৃথক অপমৃত্যু মামলা দায়েরের প্রস্তুতি চলছে। মৃত্যুর প্রকৃত কারণ নির্ধারণে আইনগত সব প্রক্রিয়া অনুসরণ করা হবে।”

সম্পর্কিত