রিভলবার-গুলিসহ যুবক গ্রেপ্তার, জব্দ মাইক্রোবাস

স্টাফ রিপোর্টার
 ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে একটি রিভলবার, ছয় রাউন্ড গুলি, তিনটি রামদা এবং একটি মাইক্রোবাসসহ মো. সজিব আহমেদ (২৫) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (১১ জুলাই) দিবাগত রাত আড়াইটার দিকে মিজমিজি এলাকার চিশতিয়া বেকারির সামনে মাদকবিরোধী বিশেষ অভিযানের সময় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার সজিব আহমেদ মিজমিজি মাইজপাড়া (মধ্যপাড়া) এলাকার বাসিন্দা এবং মো. সানা উল্লাহর ছেলে।

পুলিশ জানায়, অভিযানের সময় সজিবের কাছ থেকে একটি কাঠের বাঁটযুক্ত কালো রঙের রিভলবার, ছয় রাউন্ড গুলি, তিনটি কাঠের বাঁটযুক্ত লোহার তৈরি ধারালো রামদা এবং একটি পুরনো কালো রঙের মাইক্রোবাস জব্দ করা হয়।

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমদাদুল হক জানান, গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে ডাকাতির প্রস্তুতি এবং অস্ত্র আইনে পৃথক দুটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। পরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

তিনি আরও জানান, সজিব আহমেদের বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় এর আগেও একটি বৈষম্যবিরোধী মামলা রয়েছে।

সম্পর্কিত