দিনাজপুরের সদর উপজেলার ৭নং উথরাইল ইউনিয়নের সাবেক দুই চেয়ারম্যানের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) পৃথক স্থানে তারা মারা যান।
জানা গেছে, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান ইমদাদ সরকার (৬২) মঙ্গলবার দুপুর ১টা ৩০ মিনিটে ঢাকার মিরপুর কিডনি ফাউন্ডেশন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। তিনি ৭নং উথরাইল ইউনিয়ন পরিষদে তিনবার চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। পরবর্তীতে সদর উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হন।
ইমদাদের ভাই বিএমএ দিনাজপুর জেলা শাখার সভাপতি ডা. মো. ওয়ারেস আলী সরকার জানান, বুধবার (১১ ফেব্রুয়ারি) সকাল ১০টায় দিনাজপুর জিলা স্কুল মাঠে মরহুমের প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। পরে বাদ জোহর উথরাইল ইউনিয়নের দাঁড়াইল দিঘী গ্রামের বাড়িতে দ্বিতীয় জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।
এদিকে একই ইউনিয়নের আরেক সাবেক চেয়ারম্যান মো. আনিছুর রহমান (৬০) মঙ্গলবার বেলা ১১টায় উথরাইল ইউনিয়নের মালিগ্রামের নিজ বাসভবনে বার্ধক্যজনিত কারণে মৃত্যুবরণ করেন। তিনি এক মেয়াদে উথরাইল ইউনিয়নের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। মঙ্গলবার বাদ আসর জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।
৭নং উথরাইল ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান মো. রুহুল আমিন বলেন, একই দিনে দুই সাবেক অভিভাবককে হারিয়ে পুরো ইউনিয়নজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। তাদের মৃত্যুতে স্থানীয় রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে গভীর শূন্যতা সৃষ্টি হয়েছে।