খুলনা মহানগরীর লবণচরা থানার ইসলামপাড়া এলাকায় অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল, চার রাউন্ড তাজা গুলি, একটি খালি কার্তুজ ও একটি ম্যাগাজিনসহ দুইজনকে আটক করেছে র্যাব-৬।
শুক্রবার (২৪ জুলাই) বেলা ১১টা ৫০ মিনিটে র্যাব-৬-এর সিপিসি স্পেশাল কোম্পানির সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করেন।
আটকরা হলেন লবণচরা থানার আমতলা এলাকার শাহজাহানের ছেলে নাজিম ওরফে নাদিম (৩০) এবং ইসলামপাড়া এলাকার আব্দুর রহমান মিয়াজির ছেলে মো. মাসুদ রানা (৩৭)।
র্যাব-৬-এর মিডিয়া সেল জানায়, গোপন তথ্যের ভিত্তিতে পরিচালিত বিশেষ অভিযানে দুইজন চিহ্নিত সন্ত্রাসীকে আটক করা হয়। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে একটি বিদেশি পিস্তল, চার রাউন্ড তাজা গুলি, একটি খালি কার্তুজ এবং একটি ম্যাগাজিন উদ্ধার করা হয়।
উদ্ধার করা অস্ত্র ও গোলাবারুদ উপস্থিত সাক্ষীদের সামনে আইনানুগ প্রক্রিয়ায় জব্দ করা হয়েছে। এ ঘটনায় আটক দুইজনের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
র্যাব জানিয়েছে, প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে উদ্ধার হওয়া অস্ত্র ও গোলাবারুদসহ আটক ব্যক্তিদের লবণচরা থানায় হস্তান্তর করা হবে।