সিরাজগঞ্জের বেলকুচি উপজেলায় জমিতে কাজ করার সময় বজ্রপাতে মো. সিয়াম নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
বুধবার সকালে উপজেলার চরসমেশপুর গ্রামে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমাম জাফর।
নিহত মো. সিয়াম ওই গ্রামের মো. সুরুজ্জামানের ছেলে। তিনি চলতি বছর সিরাজগঞ্জ পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজ থেকে এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিলেন।
স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, বুধবার সকাল ৯টার দিকে সিয়াম নিজেদের জমিতে ধান লাগানোর কাজে গিয়েছিলেন। এ সময় বৃষ্টির মধ্যে হঠাৎ বজ্রপাত হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। বেলকুচি থানার ওসি ইমাম জাফর জানান, এ ঘটনায় কোনো অভিযোগ না থাকায় নিহতের মরদেহ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে।