রাজশাহীতে পৈতৃক সম্পত্তি দখলের অভিযোগে সংবাদ সম্মেলন

স্টাফ রিপোর্টার
 ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

রাজশাহীর লক্ষ্মীপুর মৌজায় পৈতৃক সম্পত্তি দখল, জাল ওয়ারিশান সনদ তৈরি এবং প্রশাসনিক প্রভাব খাটিয়ে হয়রানির অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন মৃত আজিম উদ্দিনের মেয়ে ফাতেমা বেগম।

বুধবার (২৩ জুলাই) এক লিখিত বক্তব্যে তিনি এসব অভিযোগ তুলে ন্যায়বিচার নিশ্চিত করতে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন।

ফাতেমা বেগম দাবি করেন, তার দাদা মরহুম মহিউদ্দিনের মৃত্যুর পর তার বাবা আজিম উদ্দিন সম্পত্তির মালিক হন। পরবর্তীতে বাবার মৃত্যুর পর তিনি, তার তিন বোন, এক ভাই ও তাদের মা আইন অনুযায়ী ওই সম্পত্তির ওয়ারিশ হন। দীর্ঘদিন ধরে নিয়মিত খাজনা পরিশোধ করে তারা সম্পত্তি ভোগদখল করে আসছেন বলেও তিনি জানান।

তিনি অভিযোগ করেন, ২০২২ সালে কয়েকজন ব্যক্তি একটি জাল ওয়ারিশান সনদ তৈরি করে ভূমি অফিস, জেলা প্রশাসকের কার্যালয় ও বিভাগীয় কমিশনারের কার্যালয়ে জমা দেন। ওই সনদের ভিত্তিতে প্রশাসনিক আদেশ নিয়ে তাদের সম্পত্তির ওপর দাবি প্রতিষ্ঠার চেষ্টা করা হচ্ছে।

ফাতেমা বেগমের দাবি, এ ঘটনায় তারা দীর্ঘদিন ধরে হয়রানি, মামলা-মোকদ্দমা ও উচ্ছেদের হুমকির মুখে রয়েছেন। বিরোধপূর্ণ সম্পত্তিটি রাজশাহী শহরের লক্ষ্মীপুর মৌজার ৩৮ নম্বর খতিয়ানের অন্তর্ভুক্ত বলেও তিনি উল্লেখ করেন।

তিনি আরও অভিযোগ করেন, জাল ওয়ারিশান সনদ ব্যবহার করে প্রতিপক্ষ নিজেদের স্বার্থে বিভিন্ন প্রশাসনিক সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করছে। এতে দীর্ঘদিন ধরে তাদের পরিবারের ভোগদখলে থাকা সম্পত্তি নিয়ে জটিলতা তৈরি হয়েছে।

সংবাদ সম্মেলনে ফাতেমা বেগম বলেন, প্রতিপক্ষের বিরুদ্ধে অভিযোগ জানানোর পরও তারা বিভিন্নভাবে চাপ সৃষ্টি করছে এবং মিথ্যা মামলা ও ভয়ভীতি দেখাচ্ছে। এ কারণে পরিবারটি নিরাপত্তাহীনতায় রয়েছে বলেও তিনি দাবি করেন।

তিনি বিষয়টি নিরপেক্ষভাবে তদন্ত করে প্রকৃত মালিকদের অধিকার নিশ্চিত করতে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন।

 

সম্পর্কিত