পাবনা-১ আসনে মনোনয়ন দাখিল

স্টাফ রিপোর্টার (পাবনা)
 ছবি:
ছবি:

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পাবনা-১ (সাঁথিয়া) আসনে নির্বাচন কমিশনের পুনঃতফসিল ঘোষণার পর রোববার (১৮ জানুয়ারি) মনোনয়নপত্র জমাদানের শেষ দিন অনুষ্ঠিত হয়েছে। শেষ দিনে বিএনপি ও জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থীদের পাশাপাশি স্বতন্ত্র ও অন্যান্য দলের একাধিক প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।

শেষ দিনে মনোনয়নপত্র জমা দেন বিএনপির মনোনীত প্রার্থী ও সাঁথিয়া উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ভিপি শামসুর রহমান এবং জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ব্যারিস্টার ড. নাজিবুর রহমান মোমেন।

এছাড়া মনোনয়নপত্র জমা দিয়েছেন সাবেক ছাত্রনেতা ও কেন্দ্রীয় যুবদল নেতা মাসুদুল হক মাসুদ, সাঁথিয়া উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক খায়রুন্নাহার খানম মিরু, স্বতন্ত্র প্রার্থী অধ্যাপক আবু সাইয়িদ, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী কায়েদে আজম এবং স্বতন্ত্র প্রার্থী তাজুল ইসলাম।

রোববার পাবনা জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার শাহেদ মোস্তফা এবং সাঁথিয়া উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার রিজু তামান্নার কাছে প্রার্থীরা মনোনয়নপত্র জমা দেন।

বিএনপির মনোনীত প্রার্থী ভিপি শামসুর রহমানের মনোনয়ন দাখিলের সময় উপস্থিত ছিলেন সাঁথিয়া উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ফজলুল বারী সান্টু, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শাহজাহান আলী, সাঁথিয়া পৌর বিএনপির সভাপতি আব্দুল করিম এবং সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ।

জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ব্যারিস্টার ড. নাজিবুর রহমান মোমেনের সঙ্গে মনোনয়ন দাখিলের সময় উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের আমির ও সাবেক উপজেলা চেয়ারম্যান মাওলানা মোখলেসুর রহমান, সেক্রেটারি সহকারী অধ্যাপক আনিসুর রহমান, সাবেক আমির ও উপজেলা সূরা সদস্য মাওলানা আব্দুল কুদ্দুস এবং সহ-সভাপতি ফিরোজ হোসেন।

নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী, ১৮ জানুয়ারি মনোনয়নপত্র দাখিলের শেষ দিন। মনোনয়ন যাচাই-বাছাই হবে ১৯ জানুয়ারি। আপিল দায়েরের সময় নির্ধারণ করা হয়েছে ২০ থেকে ২৪ জানুয়ারি পর্যন্ত। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২৬ জানুয়ারি। ২৭ জানুয়ারি প্রতীক বরাদ্দ দেওয়া হবে এবং ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ১২ ফেব্রুয়ারি।

প্রসঙ্গত, সাঁথিয়া উপজেলা নিয়ে পাবনা-১ এবং সুজানগর ও বেড়া উপজেলা নিয়ে পাবনা-২ সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণ করে নির্বাচন কমিশন। এর আগে গত ২৪ ডিসেম্বর সাঁথিয়া উপজেলা ও বেড়া উপজেলার একটি পৌরসভা এবং চারটি ইউনিয়ন নিয়ে পাবনা-১ আসনের সীমানা নির্ধারণ করা হয়েছিল। আপিল বিভাগের রায়ের পর নির্বাচন কমিশন আবার আগের সীমানায় ফিরে যায়। নানা নাটকীয়তার পর গত ১০ জানুয়ারি পাবনা-১ আসনের নির্বাচন স্থগিত করা হয়, যদিও চিঠিতে ৬ জানুয়ারির তারিখ উল্লেখ ছিল।

সম্পর্কিত