নাইক্ষ্যংছড়িতে প্রায় ৯০ হাজার ইয়াবা জব্দ

স্টাফ রিপোর্টার
 ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলায় অভিযান চালিয়ে ৮৯ হাজার ৯১৬টি বার্মিজ ইয়াবা ট্যাবলেট জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বিজিবি জানায়, বুধবার (৫ আগস্ট) রাতে নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়নের (১১ বিজিবি) অধীনস্থ আশারতলী বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার-৪৬ থেকে আনুমানিক পাঁচ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে জারুলিয়াছড়ি এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

অভিযান চলাকালে বিজিবির বিশেষ আভিযানিক দল কয়েকজন চোরাকারবারিকে দেখতে পেয়ে ধাওয়া করে। এ সময় তারা একটি ব্যাগ ফেলে জঙ্গলের ভেতরে পালিয়ে যায়।

পরে ফেলে যাওয়া ব্যাগটি তল্লাশি করে ৮৯ হাজার ৯১৬টি বার্মিজ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়নের (১১ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. ফয়জুল কবির ইয়াবা উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, দেশের সীমান্ত সুরক্ষা, চোরাচালান ও মানবপাচার প্রতিরোধ, অবৈধ অনুপ্রবেশ নিয়ন্ত্রণ, অবৈধ অস্ত্র উদ্ধার এবং মাদকপাচার রোধে বিজিবির অভিযান অব্যাহত রয়েছে।

তিনি আরও বলেন, মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতিতে বিজিবি কাজ করছে এবং সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে কঠোর নজরদারি বজায় রাখা হয়েছে।

সম্পর্কিত