নড়িয়ায় বাল্যবিবাহ বন্ধে কাজীকে কারাদণ্ড ও জরিমানা

স্টাফ রিপোর্টার
 ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

শরীয়তপুরের নড়িয়ায় এক কিশোরীর বাল্যবিবাহ সম্পাদনের অভিযোগে এক নিকাহ রেজিস্ট্রারকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একইসঙ্গে তাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার (১৫ জুন) বিকেলে উপজেলার মোক্তারেরচর ইউনিয়নের নয়ন মাদবর কান্দী এলাকায় ১৬ বছর বয়সি এক কিশোরীর সঙ্গে ৩৬ বছর বয়সি এক ব্যক্তির বিয়ের আয়োজন চলছিল বলে গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়।

পরে নড়িয়া সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট লাকী দাসের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে বিয়ের আয়োজনের সত্যতা পান এবং তাৎক্ষণিকভাবে বাল্যবিবাহ বন্ধ করে দেন।

অভিযানের সময় নিকাহ রেজিস্ট্রার মওলানা জাকির হোসেনকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া ঘটনাস্থল থেকে বিয়ের খসড়া রেজিস্টার খাতা জব্দ করা হয়েছে।

প্রশাসন জানিয়েছে, এ ঘটনায় বর, তার বাবা-মা এবং স্থানীয় এক ইউপি সদস্যের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

নড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল কাইয়ুম খান বলেন, বাল্যবিবাহ একটি দণ্ডনীয় অপরাধ। এ ধরনের অপরাধ প্রতিরোধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে এবং দায়ীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সম্পর্কিত