ভোলার শিবপুর ও মেদুয়া ইউনিয়নের মেঘনা নদীর ভাঙন রোধে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবিতে পানি উন্নয়ন বোর্ড ঘেরাও কর্মসূচি পালন করেছেন স্থানীয় বাসিন্দারা।
মঙ্গলবার (১৬ জুন) বেলা ১১টার দিকে জেলার যুগিরঘোল এলাকায় অবস্থিত পানি উন্নয়ন বোর্ড ডিভিশন-১ কার্যালয়ের সামনে প্রায় এক ঘণ্টাব্যাপী এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে ভোলা সদরের শিবপুর এবং দৌলতখান উপজেলার মেদুয়া ইউনিয়নের দুই শতাধিক মানুষ অংশ নেন।
কর্মসূচিতে অংশ নিতে বিভিন্ন এলাকা থেকে ব্যানার ও ফেস্টুন নিয়ে সমবেত হন আন্দোলনকারীরা। পরে তারা পানি উন্নয়ন বোর্ড কার্যালয়ের সামনের সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন।
একপর্যায়ে আন্দোলনকারীরা কার্যালয়ের ভেতরে প্রবেশের চেষ্টা করলে পুলিশের বাধার মুখে পড়েন। পরে তারা ভেতরে প্রবেশ করে বিভিন্ন স্লোগান দেন এবং নদীভাঙন রোধে দ্রুত পদক্ষেপ গ্রহণের দাবি জানান।
পরে ভোলা পানি উন্নয়ন বোর্ড ডিভিশন-১ এর নির্বাহী প্রকৌশলী মো. জিয়া উদ্দীন আরিফ ঘটনাস্থলে এসে আন্দোলনকারীদের সঙ্গে কথা বলেন এবং সমস্যার সমাধানে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন। তার আশ্বাসের পর আন্দোলনকারীরা কর্মসূচি স্থগিত করেন।
নির্বাহী প্রকৌশলী মো. জিয়া উদ্দীন আরিফ বলেন, শিবপুর ও মেদুয়া ইউনিয়নে সিসি ব্লক দিয়ে বাঁধ নির্মাণের একটি প্রকল্প অনুমোদনের অপেক্ষায় রয়েছে। তিনি আশা প্রকাশ করেন, আগামী এক মাসের মধ্যে প্রকল্পটির অনুমোদন পাওয়া যাবে।
তবে আন্দোলনকারীদের অভিযোগ, দীর্ঘদিন ধরে শিবপুর ও মেদুয়া ইউনিয়নের বিভিন্ন অংশ ভয়াবহ নদীভাঙনের শিকার হচ্ছে। ইতোমধ্যে মৎস্যঘাট, ফসলি জমি, বসতবাড়িসহ গুরুত্বপূর্ণ স্থাপনা নদীগর্ভে বিলীন হয়েছে।
তাদের দাবি, অস্থায়ীভাবে জিও ব্যাগ ফেলা হলেও তা ভাঙন রোধে কার্যকর হচ্ছে না। তাই স্থায়ী সমাধানের জন্য সিসি ব্লক দিয়ে টেকসই বাঁধ নির্মাণের দাবি দীর্ঘদিনের। দ্রুত পদক্ষেপ না নেওয়া হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলেও হুঁশিয়ারি দেন তারা।