খুলনা মহানগরীতে বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতী দলের এক নেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত সোনামিয়া (৩৮) খালিশপুর থানার ১০ নম্বর ওয়ার্ডের আহ্বায়ক ছিলেন।
শনিবার (১১ এপ্রিল) দিবাগত রাত ১২টা ১০ মিনিটের দিকে মহানগরীর খালিশপুর এলাকার নয়াবাটি এলাকায় এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন খালিশপুর থানার ডিউটি অফিসার ইউসুফ।
নিহত সোনামিয়া নয়াবাটি এলাকার বাসিন্দা এবং তার পিতা জব্বার সরদার। তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদল-এর স্থানীয় নেতা ছিলেন।
স্থানীয়রা জানান, সোনামিয়া তার চায়ের দোকানে অবস্থান করছিলেন। এ সময় মোটরসাইকেলে করে তিনজন দুর্বৃত্ত এসে দোকানের ভেতরে ঢুকে ধারালো অস্ত্র দিয়ে তাকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে।
গুরুতর আহত অবস্থায় তিনি পাশের একটি বাসায় আশ্রয় নিলেও হামলাকারীরা সেখানে গিয়েও তাকে পুনরায় কুপিয়ে আহত করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে খালিশপুর ক্লিনিকে নিয়ে যান। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল-এ নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, হামলাকারীদের মধ্যে দুজন মুখোশ পরা ছিল এবং অপরজন হেলমেট পরিহিত ছিল। তারা ধারালো অস্ত্র ব্যবহার করে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।
স্থানীয়দের ধারণা, রাজনৈতিক বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে। তবে এ বিষয়ে পুলিশ এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি।