টাঙ্গাইলের কালিহাতীতে রডবোঝাই ট্রাক উল্টে নিহত নওগাঁর একই গ্রামের ছয়জনের দাফন সম্পন্ন হয়েছে। মঙ্গলবার (২৬ মে) সকাল ১০টা ৪০ মিনিটে নওগাঁর মান্দা উপজেলার রাজেন্দ্রবাটি গ্রামে জানাজা শেষে তাদের পাশাপাশি কবরস্থ করা হয়।
এর আগে সোমবার (২৫ মে) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ময়নাতদন্ত শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করে টাঙ্গাইল জেলা পুলিশ। মঙ্গলবার ভোরে মরদেহগুলো রাজেন্দ্রবাটি গ্রামে পৌঁছায়।
নওগাঁর নিহত ১০ জনের মধ্যে বাকি চারজনকে নিজ নিজ এলাকায় জানাজা শেষে দাফন করা হয়েছে।
মঙ্গলবার সকালে রাজেন্দ্রবাটি গ্রামে গিয়ে দেখা যায়, নিহতদের দাফনের প্রস্তুতি নিতে আশপাশের বিভিন্ন এলাকা থেকে খাটিয়া আনা হয়। শরিয়াহ অনুযায়ী সারিবদ্ধভাবে রাখা হয় মরদেহগুলো। নিহতদের একনজর দেখতে আশপাশের গ্রামের মানুষ ও স্বজনদের ভিড় জমে। স্বজনদের কান্না ও আহাজারিতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে আসে।
জানাজায় রাজশাহীর বিভাগীয় কমিশনার ড. আ ন ম বজলুর রশিদ, রাজশাহী রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শাজাহান, নওগাঁ-৪ আসনের সংসদ সদস্য ডা. ইকরামুল বারি টিপু, নওগাঁ-১ আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান, নওগাঁ জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম, পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম, মান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা আখতার জাহান সাথী, মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খোরশেদ আলমসহ কয়েক হাজার মানুষ অংশ নেন।
রাজশাহীর বিভাগীয় কমিশনার ড. আ ন ম বজলুর রশিদ বলেন, নিহত পরিবারগুলোকে জেলা প্রশাসনের পক্ষ থেকে ২৫ হাজার টাকা করে সহায়তা ও শুকনো খাবার দেওয়া হয়েছে। পরিবারগুলোর পাশে প্রশাসন থাকবে বলেও জানান তিনি।
সোমবার (২৫ মে) ভোর ৪টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কালিহাতী উপজেলার সরাতৈল দক্ষিণপাড়া এলাকায় রডবোঝাই একটি ট্রাক উল্টে ১৫ জন নিহত হন। নিহতদের মধ্যে ১০ জনের বাড়ি নওগাঁ জেলায়।
নিহতরা ঈদ উপলক্ষে পরিবারের সদস্যদের সঙ্গে সময় কাটাতে বাড়ি ফিরছিলেন বলে জানা গেছে।