জাটকা সংরক্ষণে দুই মাসের নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরার অপরাধে চাঁদপুরে ২০৯ জেলেকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে। একইসঙ্গে জরিমানা আদায় করা হয়েছে ৪ লাখ ৬৯ হাজার ৯০০ টাকা।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) রাতে চাঁদপুর জেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ ফখরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।
জেলা মৎস্য বিভাগের তথ্য অনুযায়ী, ১ মার্চ থেকে ৩০ এপ্রিল পর্যন্ত মতলব উত্তর উপজেলার ষাটনল থেকে হাইমচর উপজেলার চরভৈরবী পর্যন্ত পদ্মা-মেঘনা নদীর ৭০ কিলোমিটার অভয়াশ্রম এলাকায় মোট ৬০৯টি অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে আটক জেলেদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ৩৬টি ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। এসব আদালত পরিচালনা করেন মতলব উত্তর, সদর ও হাইমচর উপজেলার নির্বাহী কর্মকর্তাসহ জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটরা।
দুই মাসব্যাপী অভিযানে ৫ মেট্রিক টন জাটকা ও ৭৪২ কেজি অন্যান্য মাছ জব্দ করা হয়। পাশাপাশি ২ হাজার মিটার ইলিশ ধরার জাল, ১১ লাখ ৭৭ হাজার ৮০০ মিটার কারেন্টজাল এবং ৩২ হাজার ৮০০ মিটার অন্যান্য জাল জব্দ করা হয়েছে।
এ সময় ২৩৭টি মামলা দায়ের করা হয়। জব্দকৃত জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে এবং মাছ স্থানীয় এতিমখানা, মাদ্রাসা ও দুস্থদের মধ্যে বিতরণ করা হয়েছে। এছাড়া জব্দকৃত নৌকা নিলামে বিক্রি করে ২৮ হাজার টাকা আদায় করা হয়েছে।
জেলা মৎস্য কর্মকর্তা বলেন, ইলিশের উৎপাদন বাড়াতে এবং জাটকা রক্ষায় দিন-রাত অভিযান পরিচালনা করা হয়েছে। এসব উদ্যোগ জাতীয়ভাবে ৬ লাখ মেট্রিক টন ইলিশ উৎপাদনের লক্ষ্যমাত্রা অর্জনে সহায়ক হবে।