তিন ফসলী জমি রক্ষায় মহেশপুরে কৃষকদের মানববন্ধন

স্টাফ রিপোর্টার
 ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

ঝিনাইদহের মহেশপুর উপজেলায় তিন ফসলী জমি রক্ষার দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন স্থানীয় কৃষকরা।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) উপজেলার সাড়াতলা এলাকায় তুষার সিরামিকস কারখানার সামনে এ কর্মসূচির আয়োজন করা হয়।

মানববন্ধনে সাড়াতলা, কৃষ্ণচন্দ্রপুর ও পুরন্দরপুর গ্রামের শতাধিক কৃষক ব্যানার-ফেস্টুন নিয়ে অংশ নেন। ঘণ্টাব্যাপী চলা এই কর্মসূচিতে বক্তব্য দেন কৃষক রিপন হোসেন, লান্টু, অন্তর ও মাসুদ।

কৃষকদের অভিযোগ, তুষার সিরামিকস কারখানার বর্জ্যের কারণে আশপাশের জমির ফসল মারাত্মক ক্ষতির মুখে পড়ছে। একইসঙ্গে কারখানা থেকে নির্গত বিষাক্ত ধোঁয়ার প্রভাবে গাছপালা শুকিয়ে যাচ্ছে এবং উৎপাদন কমে যাচ্ছে।

তারা আরও জানান, ধোঁয়ার কারণে স্থানীয় অনেক মানুষ শ্বাসকষ্টসহ বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছেন। বিষয়টি নিয়ে দীর্ঘদিন ধরে প্রতিবাদ জানানো হলেও কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি।

বরং সম্প্রতি কারখানার পরিধি আরও বাড়ানো হচ্ছে বলে অভিযোগ করেন তারা। এতে করে ভবিষ্যতে কৃষিজমি ও পরিবেশের ওপর আরও বড় ধরনের নেতিবাচক প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন কৃষকরা।

মানববন্ধন থেকে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণ করে তিন ফসলী জমি ও পরিবেশ রক্ষার দাবি জানান অংশগ্রহণকারীরা।

সম্পর্কিত