দিনাজপুরের হিলিতে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার পরিবেশন এবং আমদানি নিষিদ্ধ রেড বুল বিক্রির অভিযোগে পাঁচটি প্রতিষ্ঠানকে মোট আট হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
সোমবার (২৭ জুলাই) দুপুরে হাকিমপুর উপজেলার হিলির সিপি রোড ও হিলি বাজার এলাকায় অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, দিনাজপুর কার্যালয়ের সহকারী পরিচালক বোরহান উদ্দিন।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সূত্রে জানা যায়, অস্বাস্থ্যকর পরিবেশে খাবার পরিবেশনের অভিযোগে হিলি বাজারের বিভিন্ন হোটেলে অভিযান চালানো হয়। এ সময় দুই হোটেল মালিককে মোট চার হাজার টাকা জরিমানা করা হয়।
এ ছাড়া আমদানি নিষিদ্ধ রেড বুল বিক্রির দায়ে আরও তিনটি প্রতিষ্ঠানকে চার হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানের সময় বেশ কয়েকটি রেড বুলের ক্যান জব্দ করে তা ধ্বংস করা হয়।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের দিনাজপুর কার্যালয়ের সহকারী পরিচালক বোরহান উদ্দিন বলেন, অস্বাস্থ্যকর পরিবেশে খাবার পরিবেশন এবং আমদানি নিষিদ্ধ রেড বুল বিক্রির অপরাধে পাঁচ প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।