গাংনী-তে শিক্ষার্থীর পরিবারের অভিযোগ ও সামাজিক চাপের মুখে এক মাদ্রাসা শিক্ষক আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে।
সোমবার (১৩ এপ্রিল) দুপুরের পর উপজেলার নওদাপাড়া গ্রামে নানির বাড়িতে বিষপান করেন সাব্বির হোসেন (২৫)। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহত সাব্বির হোসেন উপজেলার দেবীপুর গ্রামের বাসিন্দা। তিনি তেরাইল দারুচ্ছুন্নাত মোখতারিয়া হাফেজিয়া মাদ্রাসা-এর শিক্ষক ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, তিনি এক শিক্ষার্থীকে প্রাইভেট পড়াতেন। সম্প্রতি ওই শিক্ষার্থীর পরিবারের পক্ষ থেকে তার বিরুদ্ধে গুরুতর অভিযোগ তোলা হয়। বিষয়টি এলাকায় ছড়িয়ে পড়লে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। এরপর থেকে তিনি নিজ বাড়ি ছেড়ে নানার বাড়িতে অবস্থান করছিলেন।
অভিযোগের পর সামাজিক সমালোচনা বাড়তে থাকলে গত ১১ এপ্রিল মাদ্রাসা কর্তৃপক্ষ তাকে মৌখিক অভিযোগের ভিত্তিতে বহিষ্কার করে। পরিবারের দাবি, অপবাদ ও সামাজিক চাপ সহ্য করতে না পেরে তিনি আত্মহত্যার পথ বেছে নেন।
নিহতের চাচা মন্টু দাবি করেন, অভিযোগটি মিথ্যা। তবে সংশ্লিষ্ট শিক্ষার্থীর পরিবারের কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।
মাদ্রাসার সভাপতি মেহেদী হাসান সম্রাট বলেন, গুরুতর অভিযোগ ওঠায় তাকে বহিষ্কার করা হয়েছিল।
এদিকে গাংনী থানা-র ভারপ্রাপ্ত কর্মকর্তা উত্তম কুমার দাস জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।